২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী পরিত্যক্তা শোভার কাছে হার মানতে বাধ্য হল অভাব

জেলার ফকিরহাট উপজেলার লালচন্দ্রপুর গ্রামের স্বামী পরিত্যক্তা শোভা রানী সাহা অভাবকে আর ভয় পান না। প্রতিকূলতার সাথে খাপ খাওয়ানোর কৌশল শিখে নিয়েছেন তিনি ইতোমধ্যে। নিজের ওপরও আস্থা ফিরে এসেছে তার। আধুনিক পদ্ধতিতে ভাসমান সবজি চাষ আর হাঁস পালন করে উপার্জিত অর্থে সংসার চালানোর পাশাপাশি ছয় বছরের মেয়ে কেয়াকে এখন বিদ্যালয়ে পাঠাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 03:15 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বিডিনিউজের সাথে আলাপকালে স্বাবলম্বি শোভা রানী বলেন, দু’বছর আগেও সংসারের অভাব মেটাতে তাকে প্রতিবেশীর ক্ষেতে দিন মজুরের কাজ করতে হয়েছে। মেয়েটিকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। স্থানীয় এনজিও ‘নবলোকের’ প্রশিক্ষণ নিয়ে সে এখন অনেক সুখি। শুধু শোভাই নয়, শোভার বড় বোন স্বামী পরিত্যক্তা পবিত্রা, একই গ্রামের সুফিয়া, সিংগাতি গ্রামের সুভাষদের মতো প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ‘নবলোক’ ও ‘কেয়ার বাংলাদেশ’ এর  সহযোগিতায় বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠেছে।

ভাসমান সবজি চাষী শোভা জানান, গত বছর ১৮ জন মিলে ভাসমান সব্জি চাষ করে ১২ হাজার টাকা আয় করে। এবছর তারা আরও বেশী জমিতে চাষ করবেন বলে আশা করছেন।

স্বেচ্ছাসেবী সংগঠন নবলোক পরিষদের সহকারী সমন্বয়কারী মিজানুর রহমান বিজয় জানান, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে অসহায় নারীদের স্বাবলম্বী করে তুলতে তারা কাজ করছেন।