২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি খাতে বিদ্যুত উৎপাদনে নতুন নীতি চূড়ান্ত পর্যায়ে

নতুন বিদ্যুত উৎপাদনে সাড়ে তিন বছরের লাগাতার ব্যর্থতার পর নয়া নীতি প্রণয়ন করতে যাচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

“সবার জন্য উন্মুক্ত” এই মূল সুরকে সামনে রেখে প্রণীত হতে যাচ্ছে ক্ষুদ্র বিদ্যুত উৎপাদন নীতিমালা। এতে গ্যাস কেনা ও বিদ্যুত বিক্রির দাম নির্ধারিত থাকবে। কিন্তু বিদ্যুত কেনার কোনো গ্যারান্টি সরকার দেবে না।

বিদ্যুত মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা অবশ্য বলেছেন, বিষয়টি বাস্তব সম্মত নয়। বিদ্যুত কেনার গ্যারান্টি ছাড়া এই ধরনের পলিসি করে উৎপাদন বাড়ানোর উদ্যোগ সফল হবে না। তিনি এও দাবি করেন, সরকারের উপর মহলের আগ্রহের কারণেই তারা এই প্রস্তাব প্রণয়ন করে অনুমোদনের জন্য পাঠিয়েছেন।    

জানা গেছে, এই নীতিমালা চূড়ান্ত করার জন্যে ২৩ এপ্রিল সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পেশ করা হবে। বিদ্যুত মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাবটি সভায় আলোচনার পর অনুমোদন করা হতে পারে।

আগের সরকারের করে যাওয়া বেসরকারিখাতে ক্ষুুদ্র বিদ্যুত কেন্দ্র নির্মাণ নীতিকে সংশোধন করে নতুনভাবে এই নীতিমালা করা হচ্ছে। এর মূল কথা হচ্ছে বেসরকারি উদ্যোক্তা চাইলে সরকারের কাছ থেকে লাইসেন্স গ্রহন করে ১০ থেকে ৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র নির্মাণ করতে পারবে। কিন্তু সরকার এই সকল কেন্দ্র থেকে বিদ্যুত কেনার কোনো ধরনের গ্যারান্টি দেবে না। তবে যদি সরকার বিদ্যুত কেনে তার দাম কি হবে সেটা নীতিমালায় উল্লেখ থাকবে।

প্রস্তাবে বলা হয়েছে, এই ধরনের বিদ্যুত কেন্দ্রের জন্য পেট্রোবাংলা উদ্যোক্তাদের প্রতি হাজার ঘনফুট গ্যাস ৭২ দশমিক ৪৫ টাকা দামে সরবরাহ করবে। আর সরকারের কেনার জন্য প্রতি কিলোওয়াট আওয়ার বিদ্যুতের দাম হবে এইএস হরিপুরের দামের সমান বা ১ দশমিক ৩০ টাকা থেকে ১ দশমিক ৪০ টাকা পর্যন্ত।

অবশ্য উদ্যোক্তা দর কষাকষি করে তার উৎপাদিত বিদ্যুত বিতরণের জন্য বেসরকারি ক্রেতাদের সাথে চুক্তি করতে পারবেন।