২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু সম্পর্কিত চূড়ান্ত প্রতিবেদন আগামী মাসের শেষ সপ্তায়

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) একটি গবেষক দল আগামী মাসের শেষ সপ্তাহের মধ্যে মাওয়া- জাজিরা পয়েন্টে রেলপথসহ পদ্মা সেতু নির্মাণের ওপর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

২০০৭ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করার লক্ষ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের নেতৃত্বে বিভিন্ন বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও সংস্থাসমূহের সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করা হয়েছে।

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৃহষ্পতিবারের সভায় টাস্কফোর্স গঠনের এ তথ্য জানানো হয়।

অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বন ও পরিবেশ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এ টাস্কফোর্স গঠিত হয়।

সভায় ৭ হাজার ৫শ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মান প্রকল্প বাস্তবায়নের কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়।

বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ব্রিটিশ ডিএফআইডি, জেবিআইসি এবং জাইকা উক্ত প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। পদ্মা সেতু প্রকল্প নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিগগিরই সংশ্লিষ্ট এই সংস্থাগুলোর সাথে আলোচনায় বসবে।

যোগাযোগ সচিব শফিকুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাইল জাবিউল্লাহ, পরিকল্পনা কমিশনের সদস্য এসওয়াই মজলিশ, যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শাহ মনসুরুল হক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলি ফায়েজুর রহমান, বাংলাদেশ রেলওয়ে’র আফম মোস্তাফিজুর রহমান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।