বৃহস্পতিবার টি এণ্ড টি মোবাইল বাজারে আসছে : অন্যান্য মোবাইল অপারেটরদের সাথে আন্তসংযোগ অনিশ্চিত
বহুল প্রত্যাশিত টি এণ্ড টি প্রি-পেইড মোবাইল ফোন বৃহস্পতিবার বাজারে আসছে। তবে অত্যন্ত সীমিত সংযোগের এ ফোনের সাথে দেশের অন্যান্য মোবাইল অপারেটরদের সাথে আন্তসংযোগ থাকছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন টি এণ্ড টি প্রি-পেইড মোবাইল ফোনের গ্রাহকরা অন্যান্য কোম্পানির মোবাইল গ্রাহকদের সাথে কথা বলতে পারবেন না। কেননা ওই সমস্ত কোম্পানির সাথে এখনও আন্তসংযোগের বিষয়টি চূড়ান্ত করা হয় নি।
বিটিটিবি মোবাইল অপারেটরদের এ পদক্ষেপের সাথে অন্যান্য মোবাইল কোম্পানি সহযোগিতা করছে না বলে তারা অভিযোগ করেন।
গ্রাহকদেরকে নগরীর বেসিক ব্যাংকের রমনা, শের-ই-বাংলা নগর, গুলশান ও উত্তরা শাখা থেকে সংযোগ দেওয়া হবে। এছাড়াও রমনা ও শের-ই-বাংলা নগরে বিটিটিবি’র সাতটি শাখা এবং উত্তরা, মগবাজার, নীলক্ষেত, গুলশান ও শের-ই-বাংলা নগরে অবস্থিত বিটিটিবি’র বিভাগীয় প্রকৌশল দপ্তর থেকেও সংযোগ দেওয়া হবে।
বিটিটিবি’র প্রি-পেইড মোবাইল সংযোগের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ শত টাকা এবং ক্রয়ের সাতদিনের মধ্যে মোবাইল সংযোগ সক্রিয় হবে। তবে সংযোগের জন্য গ্রাহকদের আলাদাভাবে হ্যাণ্ডসেট কিনতে হবে।
বিটিটিবি’র প্রকল্প পরিচালক মোহাম্মদ ওবায়দুল্লাহ বিডিনিউজকে জানান, ৫৫ দিনের জন্য ৩০০ টাকার কলিং কার্ডসহ টেলটকের প্রি-পেইড সংযোগের দাম পড়বে ১৮ শত টাকা।
টেলটক থেকে টেলটকের অপর গ্রাহক এবং টেলটক থেকে অন্যান্য কোম্পানির মোবাইলে প্রতিমিনিট কলের জন্য চার্জ ধরা হয়েছে পিক আওয়ারে (সকাল ৮ টা থেকে রাত ৮ টা ) ৩ টাকা ৬০ পয়সা, অফ পিক আওয়ারে (রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত এবং সকাল ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত) ২ টাকা ৪০ পয়সা ও সুপার অফ পিক আওয়ারে (রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত) ৬০ পয়সা।
তবে সুপার অফ পিক আওয়ারে টেলটক থেকে অন্য কোম্পানির মোবাইল ফোনে প্রতিমিনিট কল চার্জ ধরা হয়েছে ১ টাকা। প্রতিটি সংক্ষিপ্ত মেসেজের জন্য চার্জ পড়বে ১ টাকা।
বিটিটিবি মোবাইল গ্রাহকদের টিএন্ডটি ইনকামিং ও আউটগোয়িং কলের সুবিধা দেবে। বিটিটিবি’র ল্যান্ড ফোন থেকে মোবাইলে ইনকামিং কল আসলে তার জন্য কোনও চার্জ প্রদান করতে হবে না।
টি এণ্ড টি মোবাইল প্রজেক্টের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিটিটিবি’র প্রি-পেইড মোবাইলের জন্য সরকারি অনুমোদনপ্রাপ্ত টেলটক ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
সূত্র জানায় ব্যাংকের মাধ্যমে বৃহস্পতিবার গ্রাহকদের মধ্যে কমপক্ষে ৩ হাজার আবেদন পত্র বিতরণ করা হবে।
অফিসিয়াল সূত্র জানায়, প্রথম কিস্তিতে টেলটক কোম্পানি ৫০ হাজার জিএসএম (গ্লোবাল সিস্টেম ফর মোবাইল) মোবাইল ফোন ছাড়বে এবং দেশের কমপক্ষে ৫৫ টি জেলায় নেটওয়ার্ক কভারেজ দেওয়া হবে। অল্প সময়ের মধ্যে আরও ছয় জেলায় কভারেজ দেওয়ার প্রক্রিয়া শেষ হবে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পরে সংযোগ সংখ্যা বৃদ্ধি করা হবে।
মার্চের মধ্যেই বাণিজ্যিকভাবে ২৫ হাজার টি এণ্ড টি মোবাইল ফোন ছাড়া হবে বলে এর আগে প্রধানমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন।
টি এণ্ড টি প্রজেক্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যে সারাদেশে ১০০ টি বিটিএস (বেষ্ট ট্রান্সসিভার ষ্টেশন) স্থাপন করা হয়েছে এবং আরও ৫০ টি বিটিএস খুব শিগগিরই স্থাপন করা হবে।
