ফেনীতে কৃষি ব্যাংকের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি
ফেনীতে চলতি বছরে বাংলাদেশ কৃষি ব্যাংক ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। ফলে শস্য উৎপাদন, মৎস্য, সেচ, পশুসম্পদ, খামার, যন্ত্রপাতি, কৃষিভিত্তিক শিল্প এবং দারিদ্র বিমোচনসহ প্রায় সকল খাতেই কৃষি ব্যাংক ঋণ বিতরণে পিছিয়ে পড়েছে।
ব্যাংক সূত্র জানায়, চলতি অর্থ বছরে জেলায় মোট ৩২ কোটি ৩১ লাখ টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে গত আট মাসে বিতরণ করা হয়েছে ৮ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা।
মৎস্য খাতে ১ কোটি ৭০ লাখ টাকার স্থলে বিতরণ করা হয়েছে ৫১ লাখ ৭৪ হাজার টাকা। পশু সম্পদ খাতে ৫ কোটি টাকার মধ্যে ২ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার টাকা, সেচ ও খামার যন্ত্রপাতি খাতে ৬১ লাখ টাকার মধ্যে ৫১ লাখ ২৮ হাজার টাকা, কৃষিভিত্তিক শিল্প ও প্রকল্প খাতে ৩ কোটি ১৬ লাখ টাকার মধ্যে ১ কোটি ২৭ লাখ ৭৩ হাজার টাকা, চলমান ঋণ খাতে ২ কোটি ৮০ লাখ টাকার মধ্যে ৩ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা, দারিদ্র্য বিমোচন খাতে ৩ কোটি ৩৮ লাখ টাকার মধ্যে ১ কোটি ৫৫ লাখ ৭১ হাজার টাকা এবং অন্যান্য খাতে ২৩ লাখ টাকার স্থলে ৮৪ লাখ ৫৪ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১৭ মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রার ৫৭ ভাগ ঋণ বিতরণ করা হয়েছে। অন্যদিকে ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ২৬ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকা নির্ধারণ করা হলেও গত সাড়ে আট মাসে ঋণ আদায় হয়েছে ১৪ কোটি ৬৮ লাখ ২২ হাজার টাকা।
