বাজারে দেশীয় চিনির হদিস পাওয়া না গেলেও দাম বাড়লো আরেক দফা
বাজারে দেশীয় চিনির ব্যাপক অপ্রতুলতা সত্ত্বেও মঙ্গলবার থেকে সরকার দেশে উৎপাদিত চিনির দাম আরেক দফা বাড়িয়েছে। এ নিয়ে গত দুই মাসে দ্বিতীয় বারের মতো দেশীয় চিনির দাম বাড়লো।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)’র একজন পদস্থ কর্মকর্তা বিডিনিউজকে জানান, মঙ্গলবার থেকে দেশে উৎপাদিত চিনির দাম টনপ্রতি ২,০০০ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে মিলগেটে প্রতি টন চিনি ২৮ হাজার টাকার পরিবর্তে ৩০ হাজার টাকায় বিক্রি হবে।
মাস দু‘য়েক আগে চিনির দাম টন প্রতি ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছিলো বলে তিনি জানিয়েছেন।
রাজধানীর মৌলভীবাজার ও কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, প্রায় বছর দুয়েক ধরে বাজারে দেশীয় চিনি পাওয়া যায় না বললেই চলে।
‘বিদেশের, বিশেষতঃ ব্রাজিল থেকে আমদানীকৃত চিনি-ই আমাদের ভরসা,’ বলে জানিয়েছেন হাজী আসলাম নামে কারওয়ান বাজারের একজন পাইকারি ব্যবসায়ী।
বিএসএফআইসি’র অতিরিক্ত প্রধান (বিক্রয়) মাহমুদুর রহমান বিডিনিউজ-কে বলেছেন, এবারের দামবৃদ্ধির পরও দেশীয় চিনির দাম আমদানীকৃত চিনির চেয়ে টন প্রতি প্রায় এক হাজার টাকা কম-ই থাকবে।
তিনি জানান, ভারত ও পাকিস্তান থেকে চিনি আমদানী সম্ভব না হওয়ায় আমরা ব্রাজিল ও থাইল্যান্ডের চিনি আমদানী করছি।
শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী বলেছেন, চিনির দাম বৃদ্ধিতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দাম বাড়ার পরও তা’ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে।
আন্তর্জাতিক বাজারে চিনির দাম বৃদ্ধি এবং দেশে উৎপাদন স্বল্পতাই এবারের মূল্য বৃদ্ধির কারণ বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।
বিএসএফআইসি সূত্র জানায়, দেশে চালু মোট ১৪টি চিনিকলে এ বছর উৎপাদন হয়েছে এক লক্ষ ছয় হাজার সাতশত মেট্রিক টন। তিনটি চিনি কল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, দু’টি বিক্রি করা হয়েছে এবং একটি বর্তমানে লে-অফ অবস্থায় রয়েছে।
