টাটাকে স্বল্প মূল্যে গ্যাস দেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশের নেই
ভারতীয় শীর্ষ স্থানীয় শিল্পগ্র“প টাটাকে চলতি বাজার মূল্যের চেয়ে কম দামে গ্যাস সরবরাহ করার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।
শিল্প মন্ত্রী মওলানা মতিউর রহমান নিজামী মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ইস্পাত খাতে টাটার সম্ভাব্য বিনিয়োগ এবং এ নিয়ে এ খাতের দেশীয় উদ্যোক্তাদের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ পরিপন্থী কিছু হতে দেওয়া হবে না। টাটার সঙ্গে এমন চুক্তিই করা হবে, যাতে দেশের সর্বোচ্চ স্বার্থ রক্ষা হয়।
তিনি বলেন, সরকার নিজে আর কোনো শিল্পকারখানা স্থাপন করবে না। বরং শিল্প স্থাপনে বেসরকারী উদ্যোগকে উৎসাহিত করতে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা দেওয়া হবে।
লবণ ও চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি প্রবণতা সম্পর্কে তিনি বলেন, লবণের দাম বাড়ায় বিচলিত হওয়ার কিছু নেই। চিনির দাম কিছুটা বাড়লেও তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে।
সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের কতিপয় সাফল্য তুলে ধরা হয়। এরমধ্যে চলতি মৌসুমে পর্যাপ্ত ইউরিয়া সার উৎপাদন ও সরবরাহ, ইস্পাত ও প্রকৌশল সংস্থা কর্তৃক ধারাবাহিকভাবে লাভ অর্জন এবং ট্যানারী শিল্পকে ঢাকা নগরী থেকে সাভারে স্থানান্তর করার উদ্যোগ অন্যতম।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প সচিব নুরুল আমিন।
