নেপাল-বাংলাদেশ যৌথ বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে: রাষ্ট্রদূত
বাংলাদেশ নেপালের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের চেষ্টা চালাচ্ছে। দুুদেশের মধ্যে ত্রিমুখী একটি অর্থনৈতিক কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।
কাঠমন্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন কবির এ ব্যাপারে বিডিনিউজকে বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি ত্রিমুখী অর্থনৈতিক কার্যক্রম বাস্তবায়ন পরিকল্পনাধীন রয়েছে। ত্রিমুখী এ কার্যক্রমের মধ্যে রয়েছে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, যৌথ বিনিয়োগ ও বাণিজ্যিক প্রতিনিধি বিনিময়।
তিনি বলেন, ফার্মাসিউটিক্যালস, গার্মেন্টস ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে নেপালে যৌথ বিনিয়োগ শুরু করেছে। বাংলাদেশী কোম্পানিগুলোও এ ব্যাপারে যথেষ্ট আগ্রহী।
এরই মধ্যে বেক্সিমকো, স্কয়ার এবং একমি যৌথ বিনিয়োগের ব্যাপারে নেপালের ব্যবসায়ীদের সাথে চুক্তি করেছে এবং গণস্বাস্থ্য কেন্দ্র একটি ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে নেপালে জমিও ক্রয় করেছে।
বাংলাদেশ ও নেপালের মধ্যে যৌথ বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশ এখন নেপালে প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ বাজার ব্যবস্থার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে।
পর্যটন খাত ছাড়াও নেপাল বাংলাদেশের সার উৎপাদন খাতে বিনিয়োগ করতে পারে।
বাণিজ্য প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, নেপালে বাংলাদেশের প্রকৌশল সামগ্রী, পাট ও কসমেটিকসের চাহিদা রয়েছে।
ঢাকা-কাঠমন্ডু সরাসরি বাস সার্ভিস চালুর ব্যাপারে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নেপাল এ বিষয়ে অত্যন্ত আগ্রহী এবং তারা এ ব্যাপারে এখন ঢাকার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।
দুদেশের মধ্যকার সর্বশেষ বাণিজ্যের পরিমাণ ছিল ৬৫ লাখ মার্কিন ডলার। বর্তমানে এর পরিমাণ আরও অনেক বেশি হবে।
ব্যবসায়ী প্রতিনিধি বিনিময়ের ব্যাপারে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, গত কয়েক মাসে দুদেশের বেশকিছু ব্যবসায়ী প্রতিনিধি পরস্পরের দেশে সফর করেছেন।
বিরাটনগরের মোরাঙ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে ইস্টার্ন রিজিওনাল চেম্বারের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে রাজশাহী, বগুড়া, দিনাজপুর সফর করে গেছে এবং তারা রাজশাহী চেম্বারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
বাংলাদেশী রাষ্ট্রদূত জানান, শিগগিরই নেপাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।
শিক্ষা বিষয়ে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আট থেকে নয় শত নেপালি শিক্ষার্থী রয়েছে। তিনি বলেন, নেপালে আমরা যৌথভাবে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কথা ভাবছি।
এছাড়া ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বাংলাদেশ স্টাডিজ নামে সেখানে একটি আলাদা বিষয় চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রদূত জানান, এ ব্যাপারে এখন তারা বাংলাদেশের সম্মতির অপেক্ষায় আছেন।
