২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিদ্বান্তে বিটিএমএ’র প্রতিবাদ

টেক্সটাইল শিল্পের নেতারা রোববার বলেছেন এফসিএল কনটেইনার এর আওতায় আমদানিকৃত কার্গো ডেলিভারি বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্ত দেশের তৈরি পোশাক রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

তাদের মতে এ সিদ্ধান্তের ফলে তৈরি পোশাক উৎপাদন খরচ ও লিড টাইম বেড়ে যাবে।

নেতারা বলেন, এর ফলে বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক তার অবস্থান হারাবে এবং আরো বেশী সমস্যাসংকুল হয়ে পড়বে। কারণ ক্রেতারা বরাবরই বাংলাদেশেকে লিড টাইম কমিয়ে আনতে চাপ দিয়ে আসছে।

বাংলাদেশ টেক্সটাইল মিল এ্যাসোসিয়েশনের- বিটিএমএ চেয়ারম্যান এমএ আউয়াল বলেন, বন্দর কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন আমরা লিড টাইম কমিয়ে আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের এ সিদ্ধান্ত লিড টাইম কমানোর পরিবর্তে আরো ৬০ শতাংশ বাড়িযে দেবে।

চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ গত ৩ মার্চ ইস্যুকুত এক নোটিশে জানায় এফসিএল কনটেইনারের আওতায় ক্রয়কৃত সকল বৃহদাকার কার্গো বন্দরের বাইরে নিয়ে যেতে হবে। সেগুলো হয় আমদানিকারকদের ফ্যাক্টরির ভেতরে অথবা কোন নিরপেক্ষ স্থানে রাখতে হবে।

এতে বলা হয় এসব কনটেইনারের মাধ্যমে আমদানিকৃত কাঁচা তুলোর গাঁটগুলো বন্দরের বিশাল এলাকা দখল করে রেখেছে। তবে কার্গোগুলো স্থানান্তরের খরচের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

আগামী পহেলা মে থেকে বন্দরের এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিটিএমএ’র আরেকটি সূত্র জানায়, এ বিষয়ে তারা ইতোমধ্যেই নৌ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহষ্পতিবার নৌ মন্ত্রী কর্ণেল (অবঃ) আকবর হোসেনের সাথেও সাক্ষাৎ করেছেন তারা। এসপ্তাহের পরের দিকে নেতৃবৃন্দ বন্দর কর্তৃপক্ষের সাথেও আলাপ করবেন বলে জানান।  

সূত্র জানায়, দেশের মোট ১৮৫টি স্পিনিং মিল বছরে ২০ হাজার কনটেইনারে ২০ লাখ বেল কাঁচা তুলো আমদানি করে।