তৈরী পোশাক শিল্পের তিনদিনব্যাপী মেশিনারি মেলা সমাপ্ত
ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং স্থানীয় উদ্যোক্তাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হলো তিন দিন ব্যাপী তৈরী পোশাক ও বুনন শিল্পের মেশিনারি মেলা।
নারায়ণগঞ্জের নীটওয়ার গার্মেন্টস মালিক আবু জাফর মেলায় এসে অত্যাধুনিক কোরিয়ান ডাইয়িং প্রযুক্তি দেখে বিস্মিত হয়েছেন। অত্যাধুনিক এই প্রযুক্তিকে এককথায় চমৎকার বলে জানান আবু জাফর। তিনি বলেন, ‘কোরিয়ান কোম্পানির কিছু প্রযুক্তি আমাকে সত্যিই অবাক করেছে।’
‘জ্যাক গার্মেন্টটেক বাংলাদেশ ২০০৫’ নামের এই মেলায় সেলাই, বুনন, অ্যমব্রোয়াডারি, লন্ড্রি, ফিনিশিং, কাটিং মেশিন, সিএডি/সিএএম, অ্যাক্সরসরিজ এবং পেশাক শিল্পের সহযোগি সেক্টরের বিভিন্ন প্রযুক্তির ব্যাপক সমাবেশ ঘটে।
ভারতের জেএকে ট্রেড ফেয়ার্স এন্ড এক্সিবিশন লিমিটেড ও বাংলাদেশের জাকারিয়া এন্টারপ্রাইজ লিমিটেডের উদ্যোগে আয়োজিত মেলায় প্রায় ১০,০০০ দর্শকের সমাগম হয়েছিল বলে জানান আয়োজকরা।
হংকংয়ের গার্মেন্টস এক্সরসরিজ বিক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তা এঞ্জেলা চিয়াং মেলা পরিদর্শনে এসে এদেশে শিগগিরই তার প্রতিষ্ঠানের শাখা খুলবেন বলে জানিয়েছেন। এঞ্জেলা বলেন, ‘মেলায় আসার মত সময় ছিলনা। কিন্তু এখানে আসার পর অ্যমব্রোয়াডারির কিছু বিশ্বমানের মেশিন দেখে মনে হচ্ছে আরও আগে আসা উচিত ছিল।’
মেলায় ১৩টি দেশের বিশ্বখ্যাত ৮৮টি প্রতিষ্ঠান অংশ নেয়। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, সিঙ্গাপুর, জাপান, ইটালি, চীন, তাইওয়ান, জার্মানি, তুরস্ক, কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত মেলায় অংশ নেয়।
ব্রাদার, জুকি, পেগাসাস, বেইসলার, হাশিমা, ফুকুহামা, ফিনিক্স, ফুকুশিমা, ওশিমা, অশোক লিল্যান্ড, ফংস, র্যামসন্স, ক্যানসাই, নাওমোটো, ইউজেডইউ, গ্রীনম্যাক, অ্যালকান, ফুসান, ফিবলন, আইএমএ, জিএনএস, পিজিএম, ইয়ামাটো এবং ম্যাকপির মত নামকরা পণ্য মেলায় প্রদর্শিত হয়।
মেলার শেষ দিনে মনোজ্ঞ ফ্যাশন শো’র আয়োজন উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষন করে।
