২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ’র বাজারে জিএসপি সুবিধা পেতে যৌথভাবে লবি করবে সরকার ও তৈরিপোশাক রপ্তানিকারকরা

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স) সুবিধার অধীনে শতকরা ১০ ভাগ বাজার শেয়ার নিশ্চিত করার লক্ষ্যে দেশের তৈরিপোশাক রপ্তানিকারক ও সরকার ইউরোপীয় কমিশনে যৌথভাবে লবিং করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বাণিজ্য মন্ত্রণালয়ে বুধবার ব্যবসায়ি উদ্যোক্তা ও রপ্তানিকারকদের সাথে বাণিজ্য সচিবের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তারা আশা প্রকাশ করেন, ইউরোপীয় কমিশন যদি সভায় গৃহীত সুপারিশমালা অনুযায়ী নীতিমালা প্রণয়ন করেন তাহলে ইইউ’র দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি ব্যাপক পরিমানে বেড়ে যাবে।

সভার একটি সূত্র বিডিনিউজকে জানায়, বাংলাদেশের পক্ষে জিএসপি সুবিধার অধীনে ইইউ’র বাজারে শতকরা ১০ ভাগ শেয়ার নিশ্চিত করা সম্ভব হলে প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী রাষ্ট্রসমূহ রপ্তানি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে পারে। ভারত ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাজারের শতকরা ১১ দশমিক ৩ ভাগ দখল করে আছে।

বাণিজ্য সচিব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরো উপস্থিত ছিলেন বিজেএমইএ’র সভাপতি আনিসুল হক, বিএকএমইএ সভাপতি ফজলুল হক এবং বিটিএমএ সাধারণ সম্পাদক তওফিক হাসান।

সভায় বাংলাদেশ থেকে ইইউ বাজারে তৈরি পোশাক রপ্তানির কৌশল নিয়েও আলোচনা করা হয়।

গত বছরের ৭ জুলাই ইউরোপীয় কমিশন যে নীতিমালা প্রেরণ করে তার ভিত্তিতে আগামী ১০ বছরের জন্য জিএসপি সুবিধার নির্দেশনা তৈরি করা হয়।

সভায় বাংলাদেশ নীটওয়ার ম্যানুফেকচারার এন্ড এক্সপোর্টারস এসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি বলেন, তারা এসোসিয়েশনের পক্ষ থেকে ইইউতে লবিং করেছেন। কিন্তু বাকি উদ্যোগ সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সরকার ইতোমধ্যে ইইউ দেশগুলোর বিভিন্ন দূতাবাসের সাথে এ বিষয় নিয়ে যোগাযোগ করেছে বলে সভায় অবহিত করা হয়।

তবে মূল্য সংযোজনের বিষয় নিয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হবে বলে সভাসূত্র জানায়। কারণ বেশিরভাগ ব্যবসায়ীই মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে এসেছেন।

যেহেতু মূল্য সংযোজন একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই এর ওপর আলোচনার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের পূর্ণ প্রস্তুতি গ্রহণের প্রয়োজন রয়েছে। সেই দিকটি বিবেচনা করে বাণিজ্য মন্ত্রণালয় মূল্য সংযোজনের ওপর পৃথক একটি সভার আয়োজন করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের এক নির্ভরশীল সূত্র।

বিটিএমএ’র সভাপতি এমএ আঊয়াল বিডিনিউজকে জানান, ইইউ’র বাজার শেয়ার আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইইউ যদি বাংলাদেশের প্রস্তাব মেনে নেয় তাহলে রপ্তানি ব্যাপক পরিমানে বৃদ্ধি পাবে।

বিজেএমইএ সভাপতি আনিসুল হক জানান, ইইউ’র জিএসপি সুবিধা বাংলাদেশের সামান্যই উপকারে আসবে।

ইউরোপীয় কমিশনের নতুন জিএসপি সুবিধা প্রণয়ন করা হয়েছে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর প্রেক্ষাপট বিবেচনা করে। এই সুবিধা ২০০৬-২০১৫ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।

জিএসপি সুবিধার অধীনে ইইউ ২০০২ সালে ৫৩ দশমিক ২ বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করেছে।