বিমান ১০টি বোয়িং ও এয়ারবাস সংগ্রহ করবে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুরনো উড়োজাহাজগুলোর বদলে নিজস্ব বহরে পর্যায়ক্রমে ১০টি সুপরিসর অত্যাধুনিক উড়োজাহাজ যোগ করবে। বুধবার বিমানের পরিচালনা পর্ষদের এক জরুরি বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবনা গৃহিত হয় বলে বিমান সূত্রে জানা গেছে।
বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মাহমুদুর রহমান এ বিষয়ে বিডিনিউজকে জানান, পরিচালনা পর্ষদের বৈঠকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য পুরনো উড়োজাহাজগুলোর বদলে মোট ১০ টি সুপরিসর অত্যাধুনিক উড়োজাহাজ সংযোজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বিমান বহরে পর্যায়ক্রমে বোয়িং ৭৭৭ ও এয়ারবাস ৩০০ সংযোজন করা হবে।
তিনি জানান, এ সংক্রান্ত একটি প্রস্তাবনা শিগগিরই ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভার কমিটির বৈঠকে উত্থাপন করা হবে। সরকারের অনুমোদনক্রমে বিমান ওই উড়োজাহাজগুলো সংগ্রহের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে।
তিনি আরও জানান, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর উড়োজাহাজগুলো সংগ্রহের উদ্দেশে লিজ/লিজের মাধ্যমে কেনা/কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।
কর্নেল মাহমুদ জানান, বুধবারের পরিচালনা পর্ষদের বৈঠকে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ক্ষুদ্রাকৃতির উড়োজাহাজ সংগ্রহের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে কিছুদিন আগেই ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভার কমিটির এক বৈঠকে বিমানের উড়োজাহাজ কেনা সংক্রান্ত প্রস্তাবনা নাকচ হয়ে যায়। অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান বিমানের এ সংক্রান্ত প্রস্তাবনার তীব্র সমালোচনা করেন।
বিমানের উড়োজাহাজ বহরে এখন ছয়টি ডিসি ১০, চারটি এয়ারবাস ও চারটি এফ ২৮ রয়েছে। বিমানের উড়োজাহাজগুলো সবই ১৫ থেকে ২৫ বছরের পুরনো।ছোট খাট যান্ত্রিক ত্র“টি ও দুর্ঘটনার কারণে বিমানের ফ্লাইট শিডিউলে প্রায়ই বিপত্তি ঘটে।
