অপটিক্যাল লিংক ও মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ফেরত পাঠিয়েছে মন্ত্রী পরিষদ কমিটি
সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রী পরিষদ কমিটি সাবমেরিনের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার অপটিক্যাল লিংক স্থাপনের জন্য ক্রয়সংক্রান্ত প্রস্তাব চতূর্থবারের মতো ফেরত পাঠিয়েছে। সোমবার কমিটির এক বৈঠকে এছাড়াও মেঘনাঘাট কম্বাইণ্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাবও ফেরত পাঠানো হয়।
৩০ কোটি মার্কিন ডলার ব্যাযে বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য একটি স্পন্সর কমিটিকে দায়িত্ব দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিলো।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের সভাপপিত্বে বৈঠকে কমিটির সদস্যবর্গ, সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবগণ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থমন্ত্রী বলেন, আমরা অপটিক্যাল লিংকের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে পুনরায় দরপত্র আহবান করতে বলেছি। কারণ মন্ত্রণালযের পক্ষ থেকে দরদাতাদের নির্বাচন পদ্ধতি মূল্যায়ন প্রক্রিয়া সঠিক ছিলো না।
ক্রয় কমিটির সদস্য জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন বলেন, এর আগে নরটেল, আলকাটেল ও সিমেন্স এর দেয়া প্রস্তাব মূল্যায়নের পর কারিগরি কমিটির কাছে গৃহীত হয়েছিলো। পরে টেলিযোগাযোগ মন্ত্রণালয় কেবল সিমেন্স-এর প্রস্তাব অনুমোদন করে এবং পর্যাপ্ত যোগ্যতা থাকা সত্বেও নরটেল ও আলকাটেলকে বাদ দেয়।
তিনি বলেন, সিমেন্স-এর ৪৭ দশমিক ৪২ লাখ টাকার প্রস্তাব পর্যালোচনা করে দেখা গেছে তা আলকাটেল ও নরটেলের চেয়ে অনেক বেশি এবং সেকারনেই কমিটি নতুন করে দরপত্র আহবানের নির্দেশ দিয়েছে।
৭৩ কোটি টাকার অপটিক্যাল লিংক প্রকল্পের ২৫ কোটি টাকা সরকারি সংস্থা বিটিটিবি সরবরাহ করবে।
সর্বনিু দরদাতা হওয়া সত্ত্বেও কাজটির টেন্ডার না পাওয়ায় নরটেল পরিকল্পনা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি বিভাগ- সিপিটিইউ’র কাছে অভিযোগ দায়ের করে।
মেঘনাঘাট প্রকল্প প্রসঙ্গে উচ্চপর্যায়ের একটি সূত্র বৈঠকের আলোচনা উদ্ধৃত করে জানান, “বিওএন কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান এ প্রস্তাব জমা দেয় যেটি এ সংক্রান্ত দরপত্র আহবানে সর্বনিু দরদাতা ছিলো না।” তিনি জানান, এ প্রকল্পে সর্বনিু দর ছিলো প্রতি কিলোওয়াট-ঘন্টায় ০ দশমিক ২৭৮৬৫ মার্কিন ডলার, যা বিওএন কনস্ট্রাকশনের নয়। তবে এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অর্থনৈতিক বিষয়সহ কোম্পানিটির সংশ্লিষ্ট কাজটি সম্পাদনের ক্ষমতা রয়েছে কিনা তা যাচাইয়ের জন্য প্রস্তাবটি ফেরত পাঠানো হয়েছে।
সোমবারের বৈঠকে ক্রয় কমিটি অবশ্য ২৭৬ কোটি টাকা ব্যয়ে অন্য চারটি প্রকল্প অনুমোদন করে। এগুলো হচ্ছে: ২৮ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বর্ধিতকরণ প্রকল্প, ৪৮ কোটি টাকা ব্যয়ে ডেসা’র একটি সাবস্টেশন উন্নতকরণ প্রকল্প, ১৩০ কোটি টাকা ব্যায়ে একটি ২৩০ কেভি ট্রান্সমিশন স্থাপনের প্রকল্প ও প্রাথমিক শিক্ষা খাতের জন্য কাগজ কিনতে ৭০ কোটি টাকার প্রকল্প।
