রাজধানীতে এপ্রিলের ৪ তারিখ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা শুরু
দেশীয় পণ্যকে তুলে ধরতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ব্যর্থতার প্রেক্ষাপটে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারর্স অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) দ্বিতীয়বারের মতো ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলা-২০০৫’ আয়োজন করতে যাচ্ছে।
এফবিসিসিআই’র সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার মেলার সংগঠকরা এ কথা জানান।
আগামী মাসের ৪ তারিখ থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১০ দিনব্যাপী এ মেলা শুরু হচ্ছে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আশা করা হচ্ছে এপ্রিলের ১৪ তারিখে মেলার সমাপনী দিনে রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদ উপস্থিত থাকবেন ।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়া বাও এপ্রিলের ৭/৮ তারিখে মেলা পরিদর্শন করতে পারেন বলে আয়োজকরা আশা করছেন।
স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য তুলে ধরতে মেলায় ২০০রও বেশি ষ্টল এবং একটি প্যাভিলিয়ন থাকবে। দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে স্থানীয় পণ্য যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হওয়ায় ‘ছোট ও মাঝারি শিল্প মেলা-২০০৫’ আয়োজন করা হয়েছে। এফবিসিসিআই সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমাদের দেশীয় পণ্য যথাযথভাবে তুলে ধরতে পারেনি। তাই এবারের মেলায় শুধুমাত্র স্থানীয় পণ্য তুলে ধরা হবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশী পণ্যের আধিক্যের কারণে আমাদের দেশীয় পণ্যকে তুলে ধরা সম্ভব হয়নি।
