২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজি বাজারে বিনিয়োগে বিদেশীদের উৎসাহ যোগাবে বিনিয়োগ বোর্ড

পুঁজি বাজার শক্তিশালী করতে কার্যকরী পদক্ষেপ নিতে যাচ্ছে বিনিয়োগ বোর্ড (বিওআই)। বৃহস্পতিবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সাথে বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান এ কথা বলেন। ডিএসই’র চেয়ারম্যান শাইখ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ খান এবং ডিএসই’র সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বিওআই চেয়ারম্যান বলেন, এখন থেকে পুঁজি বাজারে বিনিয়োগে করতে বিনিয়োগ বোর্ড বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহ যোগাবে।

শাইখ খান বলেন, ‘পুঁজি বাজারে বর্তমানে ২৩ ভাগ বিদেশী বিনিয়োগ রয়েছে। কিন্তু পুঁজি বাজার শক্তিশালী করতে আমাদের আরও বিদেশী বিনিয়োগ প্রয়োজন’।

মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, এ ব্যাপারে বিনিয়োগ বোর্ড ঢাকা স্টক একচেঞ্জ ও বিদেশী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আয়োজন করবে। এছাড়া বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ বোর্ডের ওয়েবসাইটে পুঁজি বাজারে বিনিয়োগের লাভজনক বিভিন্ন দিক তুলে ধরা হবে।

ডিএসই’র নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান বলেন, বর্তমানে আট বিলিয়ন মার্কিন ডলার বিদেশী বিনিয়োগের প্রস্তাব রয়েছে। এ বিনিয়োগকারীকে স্টক মার্কেটে আনা গেলে পুঁজি বাজার আরও শক্তিশালী করা সম্ভব হবে।