২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সাফল্যকে বিবেচনা না করায় দাতাগোষ্ঠীকে অর্থমন্ত্রীর সমালোচনা

মানব উন্নয়নে ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও দাতাগোষ্ঠীরা বাংলাদেশ সম্পর্কে আচরণগত পরিবর্তন করেনি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 06:48 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

অংশীদারিত্বমূলক ঋনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন ঋনদানের ক্ষেত্রে শর্তারোপের চেয়ে অগ্রগতি পর্যালোচনা করা উচিত। অর্থনৈতিক প্রতিবেদক ফোরাম (ইআরএফ) আয়োজিত বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর এক সংবাদ সম্মেলনে বুধবার প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান এ মন্তব্য করেন। অর্থনৈতিক প্রতিবেদক ফোরামের সভাপতি মনোয়ার হোসেন সংবাদ সম্মেলনটির সভাপতিত্ব করেন।

সরকারের রাজনৈতিক বিষয়ে দাতাগোষ্ঠীর সম্পৃক্ত হওয়াটা ঠিক নয় বলে তিনি মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ঋন প্রদানের ক্ষেত্রে কারা ক্ষমতায় আছে সেটা বিবেচ্য হতে পারেনা। একটা সরকারের অর্জনের ওপর ভিত্তি করেই ঋনপ্রদান নির্ধারন করা যায়।

অর্থমন্ত্রী বলেন, গত ১০ বছরে গড়ে শতকরা পাঁচ ভাগ হারে বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জন করে আসছে, যা অনেক দেশের গড় প্রবৃদ্ধির চেয়ে বেশি। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ ইতোমধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ব্যাপক সফলতার মুখ দেখেছে। তিনি প্রশ্ন করে বলেন, যদি বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রই হবে তাহলে কিভাবে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রয়েছে এবং কিভাবে বিনিয়োগে শতকরা ৬০ ভাগ প্রবৃদ্ধি হলো। মূলধনী যন্ত্রপাতির আমদানি শতকরা ৬০ ভাগ বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়নকেই দিকনির্দেশ করে বলে সাইফুর রহমান অর্থনৈতিক প্রতিবেদকদের জানান।

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত দাতাগোষ্ঠীর বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, কতিপয় দাতাগোষ্ঠীর বিশেষ আগ্রহে বৈঠকটি হয়। বিরোধী দল এবং সংবাদ মাধ্যমগুলোর নেতিবাচক প্রচারনা ওই সব দাতাগোষ্ঠীকে এ ধরনের পদক্ষেপ নিতে উৎসাহিত করে।

বিশেষ বাহিনী কর্র্তৃক মানবাধিকার লংঘনের দাতাগোষ্ঠীর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, দশ খুনের আসামীর মানবাধিকার বিশ্বের কোথাও প্রাধান্য পায় না।

কিছু দরকারি পণ্যের দাম বৃদ্ধি পেলেও মূল্যস্ফীতি ও মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রয়েছে বলে অর্থমন্ত্রী দাবি করেন। আর্ন্তজাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি সত্তেও বাংলাদেশ সরকার দাম সহনীয় পর্যায়ে রাখতে অতিরিক্ত ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করছে।

এছাড়া অর্থমন্ত্রী তার বক্তব্যে কৃষি খাতে এবং বন্যা পুর্নবাসন ক্ষেত্রে সরকারের সফলতা ও গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকির হোসেন এবং বাংলাদেশ শিল্প ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।