২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি ব্যাংকের শাখার সাজসজ্জায় উচ্চ ব্যয় পরিহারে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

বেসরকারি ব্যাংকের নতুন শাখাগুলোর সাজসজ্জায় আড়ম্বরপূর্ণ সরঞ্জাম ও আসবাবাপত্রাদি ক্রয়ের জন্য উচ্চ ও অস্বাভাবিক ব্যয় পরিহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ব্যাংক’র নতুন শাখার সাজসজ্জার পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয়  পরিহারকল্পে আধুনিক তথ্য প্রযুক্তি সরঞ্জাম ব্যতীত অন্য সব সরঞ্জাম ও আসবাবাদির জন্য বিলাসবহুল ও চাকচিক্যের পরিবর্তে মৌলিক প্রয়োজনের প্রেক্ষিতে বিবেচনা করেই প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে পাঠানো সার্কুলারে দেশের সকল বেসরকারি ব্যাংকগুলোকে সতর্ক করে বলা হয়েছে, উক্ত নির্দেশ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র জানায়, নতুন শাখা খোলার ব্যয় বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক এর আগে গত ২০০৩ সালের ১৭ আগস্ট নির্দেশ প্রদান করে। কিন্তু ব্যাংকগুলো বিষয়টি আমলে নেয়নি। ফলে আগের নির্দেশ মেনে চলার জন্য কেন্দ্রীয় ব্যাংক পূণরায় নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, ব্যাংকের ব্যয় এই নির্দেশনার সঙ্গে সংগতিপূর্ণ মাত্রায় আনতে হবে। এ জন্য পরিচালনা পরিষদ ও পরিষদের অডিট কমিটির তত্ত্বাবধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, ২০০৩ সালের ওই সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংকের অর্থে চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য অত্যাধিক বিলাসবহুল মোটরগাড়ি ক্রয় করা যাবে না। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ২৫ লাখ টাকার অধিক মূল্যের মোটরকার বা ৩৫ লাখ টাকার অধিক মূল্যের জীপ ব্যাংক কোম্পানির অর্থে ক্রয় করা যাবে না।

ব্যাংকের আয়ে ক্রয়কৃত মোটরযানের যানবাহনের সংখ্যার বৃদ্ধি ব্যাংকের জনবল ও অফিস/শাখার সম্প্রসারণের সঙ্গে সংগতিপূর্ণ  ও ব্যাংকের মোটরযান ব্যবহার ও পরিচালনা ব্যয়ের তথ্য ষান্মাসিকভাবে পরিচালনা পরিষদ সভায় এবং প্রত্যেক বার্ষিক সাধারণ সভায় অবগতি ও পর্যালোচনার জন্য উপস্থাপন করতে বলা হয়েছে।