২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ্যাপার্টমেন্টের দাম বাড়িয়েছে রিহ্যাব

নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রীর ব্যপক মূল্য বৃদ্ধিতে রিয়েল স্টেট হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ্যাপার্টমেন্টগুলোর দাম প্রতি স্কোয়ার ফুট ১৭৫ টাকার স্থলে ২০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

রিহ্যাবের নতুন মূল্য বৃদ্ধিতে প্রতি ১০০০ বর্গফুগের এ্যাপার্টমেন্ট কিনতে  গড়ে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা অতিরিক্ত ব্যয় হবে।

এছাড়া, ৩০০০ বর্গফুটের প্রতিটি বিলাশবহুল এ্যাপার্টমেন্ট কিনতে গড়ে অতিরিক্ত ৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা লাগবে।

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিহ্যাব কর্মকর্তারা আরও জানান, এমএস রড, সিমেন্ট, বৈদ্যুতিক সামগ্রী এবং জিআই পাইপের দাম এমন হারে বেড়েছে যে ভবন নির্মাণে খরচ সাধারণ হিসেবের তুলনায় অনেক বেশি পড়ে যাচ্ছে।

একজন রিয়েল এস্টেট কর্মকর্তা বলেন, মধ্যম আয়ের লোকেদের ক্রয় ক্ষমতার মধ্যে আবাসস্থল নিশ্চিত করতে নির্মাণ কোম্পানিগুলো আজকাল ৬০০ থেকে ১০০০ বর্গফুটের এ্যাপার্টমেন্ট তৈরির দিকে ঝুঁকছে।  কিন্তু এখন এ মাপের এ্যাপার্টমেন্টগুলোই মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

বিহ্যাব কর্মকর্তারা জানান, গত দু’বছরে এমএস রডের দাম বেড়েছে প্রায় দ্বিগুন। ২০০৩ সালে ২০ থেকে ২২ হাজার টাকায় এক টন রড পাওয়া যেত যার বর্তমান মূল্য সাড়ে ৩৮ হাজার থেকে ৪১ হাজার টাকা পর্যন্ত। প্রতি ব্যাগ সিমেন্টের দর বেড়েছে ৩০ শতাংশ হারে। ২০০৩ সালে যার দাম ছিল ১৯১ টাকা ২০০৫ সালে তা ২৭০ টাকায় দাঁড়িয়েছে। বৈদ্যুতিক সামগ্রী ও জিআই পাইপের দাম ৫০ শতাংশ হারে বেড়েছে বলেও তারা উল্লেখ করেন।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. তৌফিক এম. সিরাজ, সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহমুদুল হাসান, ভাইস প্রেসিডেন্ট এসএম আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

তারা আরও বলেন, গত ৪০ বছর ধরে নির্মাণ ব্যয় ক্রমেই বেড়ে চলেছে। ১৯৬৮ সালে প্রতি বর্গফুট নির্মাণ ব্যয় ছিলো ১৮ টাকা ৪০ পয়সা যা ২০০৫ সালে এসে দাঁড়ায় ১২০০ টাকা।

ড. তৌফিক বলেন, প্রতি তিনমাস পরপর বাজার পর্যালোচনার মাধ্যমে তারা এ্যাপার্টমেন্টের দাম এডজাস্ট করবেন।