২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ মার্চ থেকে থাই বাণিজ্য মেলা শুরু

সোনারগাঁও হোটেলে আগামী ২০ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী থাই বাণিজ্য মেলা। মেলায় থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের ব্যাপারে ক্রেতাদের আকৃষ্ট করতে থাইল্যান্ডের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 06:06 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী চতুর্থ এই থাই বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।

এ মেলায় ৬৮ টি থাই প্রস্তুতকারক এবং রফতানিকারক প্রতিষ্ঠান অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তিন দিনব্যাপী মেলার প্রথম  দু’দিন ২০ ও ২১ মার্চ বিশেষত ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে। তৃতীয় দিন ২২ মার্চ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত সুপাথ চিত্রানুকরহ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, দু’দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং বাংলাদেশের ক্রেতাদের কাছে থাইল্যান্ডের পণ্যকে সুপরিচিত করে তুলতে থাই দূতাবাস এ মেলার আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন থাই দুতাবাসের বাণিজ্য বিষয়ক কাউন্সেলর পানিটি উথাইর‌্যাট এবং ডিপার্টমেন্ট অব এক্সপোর্ট প্রমোশন (ডিইপি) এর থাই ট্রেড সেন্টারের পরিচালক কানিয়ারেট ভংশকুল।

বাণিজ্যমেলায় বিভিন্ন যন্ত্রাংশ, রাসায়নিক সামগ্রী, শিশুদের জন্য নানারকম খেলনা, নির্মাণ সামগ্রী, মেশিনারি ও হার্ডওয়্যার সামগ্রী, বৈদ্যুতিক সরঞ্জাম, থাই খাবার, ফার্নিচার, পোশাক, বস্ত্র ও ফ্যাশন সামগ্রী, উপহার ও গৃহসজ্জার নানা রকম দ্রব্য, চামড়াজাত সামগ্রী ও জুতা এবং চিকিৎসার জন্য প্রযোজনীয় যন্ত্রপাতি সহ বিভিন্ন দ্রব্য প্রদর্শন করা হবে।

মার্চের ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী এ ধরনের আরেকটি মেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। চট্টগ্রামে মেলার উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান। দু'দেশের মধ্যে বর্তমানে বাণিজ্যের পরিমাণ ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ডলার।