২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক পথে লবন পরিবহন বন্ধ, লবন চাষীরা বিপাকে

জেলা প্রশাসন সড়ক পথে লবন পরিবহন বন্ধ করে দেওয়ায় জেলার লবন চাষী ও মিল মালিকরা বিপাকে পড়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 12:05 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

হাজার হাজার মেট্রিক টন লবন উৎপাদিত হলেও পরিবহন জটিলতার কারণে মাঠের লবন মাঠেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা। লবন পরিবহনকালে পানি পড়ে সড়কের স্থায়িত্ব কমে যাওয়া এবং রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটার কারণ দেখিয়ে প্রশাসন জেলার সড়ক পথে লবন পরিবহন বন্ধ করে দেয়।

চোরাচালানের কারণে ইতোপূর্বে সাগর পথে লবন পরিবহন নিষিদ্ধ থাকলেও সম্প্রতি আটটি শর্তের ভিত্তিতে পুনরায় সাগর পথে লবন পরিবহনের অনুমতি দেয় জেলা প্রশাসক।

শর্তগুলোর মধ্যে সড়ক পথ ব্যবহার নিরুৎসাহিত করা হলেও তাতে পরিবহন ব্যবস্থা বন্ধ করার কোনও উল্লেখ নেই। অথচ সিদ্ধান্ত গ্রহন করার পরপরই সড়ক পথে লবন পরিবহন সম্পূর্ন বন্ধ করে দেয়া হয়।  এর ফলে টেকনাফ, চকোরিয়া ও পেকুয়া উপজেলায় উৎপাদিত লবন পরিবহনে জটিলতার সৃষ্টি হয়েছে।

টেকনাফ, চকোরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা এবং চট্টগ্রাম জেলার বাঁশখালির কিছু অংশে ৬২ হাজার একর জমিতে লবন চাষ হয়। প্রতিদিন এসব এলাকা থেকে প্রায় ৩৫ হাজার মন লবন সড়ক পথে চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের অন্যান্য মিলগুলোতে সরবরাহ করা হয়।

ডিসেম্বর থেকে লবন মৌসুম শুরু হয় এবং তা মে পর্যন্ত চলে। এবার সরকারিভাবে লবন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ লাখ মেট্রিক টন।

ইতোমধ্যেই লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশী উৎপাদিত হয়েছে। মাঠে উৎপাদিত এসব লবনের বেশীরভাগই সড়ক পথে মিলগুলোতে নিয়ে যাওয়া হয়।  সড়ক পরিবহন ব্যবস্থা সহজ এবং সাশ্রয়ী। এজন্য লবন উৎপাদনকারী ও ব্যাবসায়ীরা সড়ক পথে লবন পরিবহনে আগ্রহী।

মাসখানেক আগে জেলা প্রশাসক কার্যালয়ে এক বৈঠকে  যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দীন আহমেদ সড়ক পথে লবন পরিবহন বন্ধের মৌখিক নির্দেশ দেন। সড়কের স্থায়ীত্ব নষ্ট এবং দুর্ঘটনার কারণ দর্শিয়ে এ নির্দেশ দেয়া হয়।

কিন্তু এতদিন সড়ক পথে লবন পরিবহন নিয়ে কোনও ধরণের অভিযোগ ওঠেনি। তাই লবন ব্যবসায়ী ও মিল মালিকরা মনে করছেন স্বার্থান্বেষী মহলের সুবিধার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যেসব লবন মিলের সাথে সাগর পথে যোগাযোগ সম্ভব নয় সেসব মিলে সড়ক পথেই অপরিশোধিত লবন আনা হয়। তাই লবন ব্যবসায়ীরা মনে করছেন সড়ক পথে লবন পরিবহন আবার শুরু করা না গেলে উৎপাদিত লবন মাঠেই নষ্ট হয়ে যেতে পারে। একটু বৃষ্টি হলেই এসব লবন তরল হয়ে মাটিতে মিশে যাবে।