২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্ট্রি শিল্পকে সহযোগিতার আশ্বাস দিলেন সাইফুর

বন্যায় ক্ষতিগ্রস্ত পোল্ট্রি শিল্পকে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 09:53 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিখাতকে অগ্রাধিকার দিয়েছেন এবং এই খাতে ভর্তুকি বাড়িয়ে ৩০০ কোটি থেকে ৯০০ কোটি টাকা করা হয়েছে।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনের চতুর্থ আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনী এবং সেমিনার-২০০৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশনের বাংলাদেশ শাখা এ প্রদর্শনীর আয়োজন করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি প্রতিমন্ত্রী মীর্জা ফকরুল ইসলাম আলমগীর, মৎস্য ও পশু সম্পদ সচিব ইকবাল উদ্দিন আহমেদ চৌধুরী এবং ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম সাইমণ্ড স্পোক বক্তৃতা করেন।

সাইফুর রহমান বলেন, কিভাবে পোল্ট্রি শিল্পে সহায়তা করা যায় তা নিয়ে খুব শিগগির অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সাথে বৈঠকে করবে।

তিনি দেশের মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনে প্রচারমাধ্যমগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বছরে আমাদের ৩০ মেট্রিক টন চাল প্রয়োজন হয় অথচ জাপানের ১০ কোটি লোকের সারা বছরে চালের দরকার হয় মাত্র সাত-আট  মেট্রিক টন।

এর আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১০ মার্চ পোল্ট্রি শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন। এবারের প্রদর্শনীতে বেলজিয়াম, হল্যাণ্ড, যুক্তরাষ্ট্র এবং ভারতসহ প্রায় ১৮ টি দেশ অংশ নিয়েছে।