দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশি কূটনীতিকদের সমালোচনা করলেন অর্থমন্ত্রী
দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করার জন্য বিদেশি কূটনীতিকদের তীব্র সমালোচনা করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।
রাজধানীতে শনিবার চতুর্থ আর্ন্তজাতিক পোল্ট্রি উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাইফুর রহমান এই
মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, বিদেশী কূটনীতিকরা কূটনৈতিক শিষ্টাচার লংঘন করে দেশের সরকারের ধরণ, নির্বাচন পদ্ধতি এবং অন্যান্য অভ্যন্তরীন বিষয় নিয়ে কথা বলছেন।
সাইফুর রহমান বলেন, বিদেশি কূটনীতিকদের উচিত অভ্যন্তরীন রাজনীতির বিষয়ে মাথা না ঘামিয়ে কূটনীতিতে অধিক মনোনিবেশ করা । পাশাপাশি সংবাদপত্রের ভূমিকার সমালোচনা করে মন্ত্রী বলেন, গনমাধ্যমের নেতিবাচক ভূমিকার কারণে দাতা গোষ্ঠী ও অন্যান্য বিদেশি রাষ্ট্র চাপ প্রয়োগের সুযোগ পাচ্ছে।
নিয়মিত এক-দেড়শ পত্রিকার শিরোনাম দেখে বিদেশিরা আমাদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে। তারা আমাদেরকে দুর্নীতিবাজ বলে অথচ নিজেরাই আমাদের চেয়ে বেশি দুর্নীতিবাজ। আয়নায় তাদের নিজেদের চেহারা আগে দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন।
বহুজাতিক কোম্পানিগুলোর দুর্নীতির কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, তাদের দুর্নীতির কারণেই আফ্রিকা আজ এত দরিদ্র। তিনি বলেন, তৃতীয় বিশ্বের দুর্নীতিবাজ লোকরা ধনী দেশগুলোর নামকরা ব্যাংকে টাকা রাখে । পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভূট্টোর উদাহরণ দিয়ে তিনি বলেন,অভিযোগ আছে যে বেনজীর ভুট্টো অর্থ আত্মসাৎ করে সুইস ব্যাংকের একাউন্টে জমা রেখেছিলেন।
বিদেশী কুটনীতিকদের তিনি এক চোখা নীতি অনুসরণ না করে উভয় দিক বিবেচনা করার অনুরোধ জানান।
বিদেশ সফরের একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে সাইফুর রহমান বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের এক সাবেক পররাষ্ট্র মন্ত্রী আমাকে জিজ্ঞাসা করেছিল, তোমার দেশে কী হচ্ছে, উত্তরে আমি বলেছিলাম তোমাদের দেশে মাত্র কয়েক লাখ মানুষ ভোগ করছে অঢেল সম্পদ আর আমাদের দেশে ১৪ কোটি মানুষের জন্যে আছে সামান্য সম্পদ।
