২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে দুর্নীতিই মূল বাধা

সরকার যখন দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ঠিক সেই মূহুর্তে শিল্প উদ্যোক্তারা জানালেন, দুর্নীতিই হচ্ছে মাঝারি ও ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে প্রধান অন্তরায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এবং কনফেডারেশন অব ডেনিশ  ইন্ডাস্ট্রিজের যৌথ আয়োজনে মতিঝিলের বিসিআই ভবনে এক সেমিনারে বক্তারা একথা বলেন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি একে আজাদ বলেন, আমরা কাস্টমস অফিসসহ সবখানেই আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে যাচ্ছি। আমাদের পকেটের এই অর্থ আমরা আর কোথাও দিতে চাই না।

এই অভিযোগের উত্তরে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী বলেন, দেশের বর্তমান লাগামহীন দুর্নীতি এক-দুদিনের নয়। পরিকল্পনাকারী, আমলা ও রাজনীতিবীদÑ সকলেই দুর্নীতি থেকে লাভবান হতে চায়।

তিনি আরও বলেন, নতুন শিল্পনীতি-২০০৫ এ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং সম্প্রসারণে বিশেষ জোর দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, দুর্নীতির সাথে লড়তে শিল্প উদ্যোক্তাদের কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

প্রাইভেটাইজেশন কমিশনের সভাপতি এনাম আহমেদ চৌধুরী বলেন, আমরা যদি দুর্নীতির ক্ষেত্রে কোনোরকম সহনশীল না হই তাহলে দুর্নীতি থাকতে পারে না।

ডেনিশ অ্যাম্বেসির পিএসডি প্রোগ্রামের সমন্বয়ক অমরনাথ রেড্ডি বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে বেসরকারি শিল্প ক্ষেত্রের বড় ভূমিকা রয়েছে।

ডেনিশ ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা জেসি রোথ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এফবিসিসিআই এর পরিচালক এম রউফ, ডেনিশ ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা মেডস এগারস সেমিনারে বক্তব্য রাখেন।