বাংলাদেশের সাথে ফিশিং এগ্রিমেন্টে আগ্রহী ইউরোপ
বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে কারিগরি সহায়তাসহ তথ্য আদান-প্রদান ও বাজার উন্নয়নের লক্ষ্যে ‘ফিসিং এগ্রিমেন্ট’ করার আগ্রহ প্রকাশ করেছেন ইউরোপিয়ান কমিশনার (মৎস্য)।
শুক্রবার মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ইউরোপিয়ান কমিশনার (মৎস্য) জে বোর্গের সাথে রোমে এক দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হলে কমিশনার এই আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে ইউরোপিয়ান কমিশনার বাংলাদেশ’র উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের জন্য কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আনোয়ারুল বার চৌধুরী এবং ইকোনমিক কাউন্সিলর নাসরিন আকতার এ সময় উপস্থিত ছিলেন। খবর তথ্য বিবরণীর।
উল্লেখ্য, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও’র এক মন্ত্রী পর্যায়ের সভায় যোগদানের জন্য রোমে অবস্থান করছেন।
