চট্টগ্রাম বন্দরকে রাজনীতির বাইরে রাখতে নৌ মন্ত্রীর আহ্বান
চট্টগ্রাম বন্দরকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেন। বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নির্মিতব্য বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
তিনি গত তিন বছরে একদিনের জন্যও বন্দর বন্ধ না রাখায় দলমত নির্বিশেষে সকল শ্রমিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর শ্রমিকদের বিশ্বের আধুনিক বন্দরসমূহের শ্রমিকদের মতো সুযোগ সুবিধা দেয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বন্দর চেয়ারম্যান এএমএম শাহাদত হোসেন, নৌ পরিবহন সচিব রফিকুল ইসলাম, বৌদ্ধ ভিক্ষু সংঘের চেয়ারম্যান সংঘরাজ ভদন্ত ধর্মসেন মহাস্থবির, বন্দর পরিচালক (প্রশাসন) এএম মোমিন, প্রধান প্রকৌশলী সাফায়াত হোসেন খান ও সিবিএ সাধারণ সম্পাদক নুরুল্যা বাহার প্রমূখ।
