২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫০,০০০ মে. টন

সরকার এ বছর গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫০,০০০ মেট্রিক টন নির্ধারণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

শনিবার খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির এক আন্ত:মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চলমান গম সংগ্রহসহ খাদ্যশষ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় খাদ্যমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) এম. আনোয়ারুল কবির তালুকদার, খাদ্য উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট সচিব ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫০,০০ মেট্রক টন পূরণ করতে চলতি বছর প্রতি কেজি গম ১১টাকা দরে ক্রয় করার খসড়া প্রস্তাব গৃহিত হয়। মন্ত্রীসভার অনুমোদনক্রমে আগামী ২৪ মার্চ থেকে শুরু করা হবে গম সংগ্রহ অভিযান।

গতবছর প্রতি কেজি গম সাড়ে নয় টাকা দরে ক্রয় করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভার আলোচনা অনুযায়ী চাল সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহ আগামী ৩১ মার্চের মধ্যে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৭০,০০০ মেট্রিক টন এবং অভ্যন্তরীণ দরপত্রের মাধ্যমে ৬২,৫০০ মেট্রিক টন চাল সরবরাহ করবে।

সভায় আলোচনা করা হয়, আগামী ইরি ও বোরো ফসল কৃষকের ঘরে না ওঠা পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রি অব্যাহত থাকবে। খোলা বাজারে সরকার আরও ১,০০,০০০ মেট্রিক টন চাল বিক্রি করবে। এ পর্যন্ত ৬৬,১৭১ মেট্রিক টন চাল বিক্রি করা হয়েছে। চাল বিক্রয়ে অনিয়মের দায়ে ৫০ জন ডিলার ও দু’জন তদারককারী কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।