মুক্ত প্রতিযোগিতায় টিকতে হলে রপ্তানী বহুমূখীকরণ জরুরি: ওয়ার্কশপ
মুক্ত প্রতিযোগিতার যুগে টিকতে হলে শুধু তৈরী পোশাকের উপর নির্ভর না করে বাংলাদেশের রপ্তানী বহুমূখীকরণে মনোযোগ দেয়া উচিত।
এমএফএ-পরবর্তী সময়ে বিশ্ব প্রতিযোগিতায় থাকতে হলে বাংলাদেশকে অবশ্যই বিনিয়োগকারী ও রপ্তানীকারকদের অসুবিধাগুলো দূর করে রপ্তানীর সমস্ত সুবিধাগুলো নিতে হবে।
বিশ্ব ব্যাংক এবং বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাণিজ্য, প্রবৃদ্ধি ও রপ্তানী প্রতিযোগিতা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এই অভিমত প্রকাশ করেছেন।
প্রাক্তন বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিটিতে অংশগ্রহণ করেন বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ফ্রাঁসোয়া বুরগিনোঁ, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিয়ান ওয়ালিক, প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, বিজিএমইএ সভাপতি আনিসুল হক এবং বিভিন্ন বাণিজ্যিক সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
বাণিজ্য উদারীকরণের ওপর জোর দিয়ে বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন বাংলাদেশ বিচ্ছিন্নভাবে বাঁচতে পারবে না। তিনি বলেন, ‘আমাদের আঞ্চলিক সহযোগিতার সাথে সাথে বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্র গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে উল্লেখিত রপ্তানী প্রতিযোগিতার নানারকম অসুবিধাগুলো সম্পর্কে আমরা অবহিত। কিছু কিছু সমস্যা খুব জটিল, সমাধানের জন্য সবার সার্বিক সহযোগিতা দরকার।
বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ফ্রাঁসোয়া বুরগিনোঁ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে বাণিজ্য নিয়ন্ত্রণ যে প্রবৃদ্ধিতে সহায়ক, এমন কোন উদাহরণ নেই। বাণিজ্য উদারীকরণ উৎপাদন, বাজারে প্রবেশযোগ্যতা এবং কর্মসংস্থান বাড়ায়।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘রপ্তানীর পরিমানে গুণগত প্রবৃদ্ধি ছাড়া কোন দেশ উন্নতি করতে পারে না।’ রপ্তানীর ব্যাপারে চুপ থেকে আমদানী বৃদ্ধিতে বিশেষ জোর দেয়ায় তিনি বিশ্ব ব্যাংকের সমালোচনা করেন।
পশ্চাৎসংযোগ শিল্প প্রতিণ্ঠা সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশকে প্রথমে রপ্তানী বাজার রক্ষা ও করায়ত্ত করতে হবে, তারপর আসবে পশ্চাৎসংযোগ শিল্পের বিষয়। তিনি আরো বলেন, রপ্তানীর জন্য অত্যন্ত জরুরি সার্ক কিউমুলেশন বাস্তবায়ন না করার যুক্তিসংগত কোন কারণ নেই।’
বিজিএমইএ সভাপতি আনিসুল হক বলেন, চীন বিশ্ব রপ্তানী বাজারে আকাশচুম্বী। আমরা যদি রপ্তানীযোগ্য পণ্য বাড়াতে না পারি, তাহলে বিশ্ব প্রতিযোগিতায় থাকতে পারবো না।
প্রাক্তন বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্টন সুষম না হলে শুধু রপ্তানী দারিদ্র্য দূর করবে না।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ব ব্যাংক প্রণীত ‘বাংলাদেশের প্রবৃদ্ধি এবং রপ্তানী প্রতিযোগিতা’ শীর্ষক একটি সমীক্ষা প্রকাশ করা হয়। সমীক্ষাটি বিদ্যুৎ সংকট, দুর্নীতি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাকে রপ্তানী প্রতিযোগিতা বৃদ্ধি ও বহুমূখীকরণ চ্যালেঞ্জ মোকাবেলার প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।
সমীক্ষাটি বাংলাদেশ কিভাবে তার নীতি স্ট্রিমলাইন করবে, বাণিজ্য ও পরিবহণ সুবিধাদির উন্নয়ন ঘটাবে এবং সামগ্রিক গুণগত মান বাড়াবে, সে ব্যাপারে সুপারিশও করেছে।
