২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে থেকে চট্টগ্রাম-ব্যাংকক-নিউইয়র্ক ফ্লাইট

আগামী মে মাস থেকে চট্টগ্রাম-ব্যাংকক-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে থাই এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 01:41 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সংস্থাটির একজন কর্মকর্তা বলেন, চট্টগ্রাম-ব্যাংকক-নিউইয়র্ক ফ্লাইট বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যাতায়াত সহজতর করবে।

বর্তমানে থাই এয়ার চট্টগ্রাম থেকে চিয়াংমাই-ব্যাংকক রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করছে।

চট্টগ্রাম-ব্যাংকক-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালু হলে বন্দর নগরী থেকে সপ্তাহে কয়টি ফ্লাইট চলবে, সে ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

তবে তারা আশা করছে, চট্টগ্রাম থেকে নিউইয়র্ক রুটে আশানুরূপ যাত্রী পাওয়া যাবে।

থাই এয়ার সূত্র জানায়, শিগগিরই  তাদের বহরে ২২ টি নতুন এয়ারক্রাফট যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে ১০টি এয়ারবাস ৩৪০-৫০০, ছয়টি এয়ারবাস ৩৪০-৬০০ এবং ছয়টি বোয়িং ৭৭৭-২০০। দূরপাল্লায় চলাচল উপযোগী এসব এয়ারক্রাফট দিয়ে ব্যাংকক থেকে নিউইয়র্ক ও মস্কোতে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

সূত্র আরও জানায়, ৩৪০-৫০০ সুপার লং রেঞ্জ জেট নিউইয়র্ক রুটে চলাচল করবে। থাই এয়ারের এই ফ্লাইটের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের সরাসরি সংযোগ স্থাপিত হবে।

সম্প্রতি থাইল্যাণ্ডের সাথে বাংলাদেশের, বিশেষ করে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম আন্তর্জাতিক শিল্প পণ্য মেলায় থাইল্যাণ্ড তৃতীয় বারের মতো পার্টনার কান্ট্রি হয়েছে।

থাইল্যান্ড চট্টগ্রাম থেকে সরাসরি ভিসাও ইস্যু করছে।

সিদ্ধান্ত হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপনা থাই এয়ারওয়েজের নিকট ছেড়ে দেয়া হবে।