সিলেটে হুণ্ডি ব্যবসার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ছিনতাই
সিলেট অঞ্চলে হুণ্ডি ব্যবসার বি¯তৃতির সাথে সাথে উদ্বেগ জনক হারে বেড়ে চলেছে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম।
ছিনতাইকারীরা পূর্ব থেকে সোর্সের মাধ্যমে হুণ্ডির টাকা লেনদেনের খবর নেয় এবং সে অনুযায়ী তাদের কর্মকান্ড চালায়। ছিনতাইয়ের পর ভয়ে অনেকেই আইনের শরণাপন্ন হতে চায় না। ফলে ছিনতাইয়ের অনেক ঘটনাকেই পুলিশ প্রশাসন উড়ো, বানোয়াট বলে চালিয়ে দিচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, এ অঞ্চলে হুণ্ডি ব্যবসার সাথে জড়িত রয়েছে কতিপয় অসাধু ব্যাংক কর্মকর্তা, ট্রাভেল এজেন্ট, মানি এক্সচেঞ্জার, কতিপয় রপ্তানিকারক প্রতিষ্ঠান, প্রবাসীদের আত্মীয়-স্বজন, প্রভাবশালী বিভিন্ন সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
প্রশাসনের সাথে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ৯৮ সালে একটি গোয়েন্দা সংস্থা ব্যাপক অনুসন্ধান চালিয়ে প্রায় একশ’ জন হুণ্ডি ব্যবসায়ীর নাম ঠিকানাসহ তালিকা তৈরি করেছিল।
কিন্তু রহস্যজনক কারনে এদের বিরুদ্ধে কোনও প্রসাশনিক ব্যাবস্থা গ্রহণ করা হয়নি। ফলে বিপুল উৎসাহে তারা তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
