এন্টি-পার্সোনেল ল্যাণ্ডমাইন ধংসের কাজ সম্পন্ন করায় ফরাসী ও নেদারল্যাণ্ডের রাষ্ট্রদূতের প্রশংসা
ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও নেদারল্যাণ্ডস এর রাষ্ট্রদূত জ্যাক আঁদ্রে কটিস ও বিসিএম বিমস্টারবোয়ের এন্টি-পার্সোনেল ল্যাণ্ডমাইন ধংসের কাজ সম্পন্ন করার জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন। উভয় রাষ্ট্রদূত রোববার একযোগে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
জাতিসংঘের একটি চুক্তির আওতায় নির্ধারিত তারিখ ২০০৫ সালের পহেলা মার্চের মধ্যেই বাংলাদেশ তার কাছে মজুদ দুই লাখ ভূমি মাইন ধংসের কাজ সম্পন্ন করতে পেরেছে।
১৯৯৭ সালে গৃহীত জাতিসংঘ এন্টি পারসোনেল ভূমিমাইন নিষিদ্ধকরণ কনভেনশন এর আওতায় এ মাইন ধংসকাজে কানাডা আর্থিক সহায়তা দেয়।
বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এখন প্রশিক্ষণ কাজে ব্যবহারের জন্য ১৫০০০ ভূমি মাইন রয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতদ্বয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে কঙ্গোতে শান্তিরক্ষায় নিয়োজিত নয় বাংলাদেশী সৈন্য নিহত হওয়ার ঘঢ়টনায় সহানূভূতি প্রকাশ করেন।
এছাড়াও বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিও’র আসন্ন নির্বাচনে ইইউ’র পক্ষ থেকে ফ্যান্সের প্যাকাল ল্যামি’র প্রার্থীতা প্রসঙ্গেও রাষ্ট্রদূতদ্বয় পররাষ্ট্র মন্ত্রীর সাথে আলাপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী এসময় বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার কথা স্মরণ করেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে ইইউ’র পক্ষ থেকে এ সহযোগিতা অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
