বাংলাদেশের চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহী থাইল্যাণ্ড
বাংলাদেশে চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতে বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে থাইল্যাণ্ড। ঢাকায় নবনিযুক্ত থাই রাষ্ট্রদূত সুপথ চিত্রানুকরহ রোববার পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খানের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে নিজ দেশের এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশে তার অবস্থানকালে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
তিনি বলেন, বাংলাদেশ ও থাইল্যাণ্ড দুটি প্রতিবেশী দেশ এবং গত তিন বছর ধরে উভয় দেশের মধ্যে সংঘঠিত উচ্চ পর্যায়ের বিভিন্ন সফর দ্বি-পাক্ষিক সম্পর্কে নতুন গতিধারা যোগ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় পক্ষের মধ্যে বাণিজ্য খাতে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির আরো অনেক দিক খোলা রয়েছে। তিনি বলেন উভয় দেশের জনগনের সুবিধার্থে আমরা নিজ নিজ অভিজ্ঞতা বিনিময় করতে পারি।
দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি সম্পর্ক বৃদ্ধির প্রসঙ্গে আলোচনা করেন তারা। থাই প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ রপ্তানি উন্নন ব্যুরো থাইল্যাণ্ডে বাংলাদেশী পণ্যের বাজার সৃষ্টিতে কাজ করতে পারে। দুটি সংস্থার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এ সহযোগিতার বিষয়টিকে আনুষ্ঠানিকতা দেয়া যেতে পারে বলেও তারা মত প্রকাশ করেন।
আলোচনায় এসিডি ও বিমসটেকের আওতায় আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গও আসে।
এসিডি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক দেশসমূহের সাধারণমানুষ কিভাবে এর অর্থনৈতিক সুবিধা ভোগ করতে পারে সে ব্যাপারে একটি রোডম্যাপ প্রণয়নের ওপর জোর দেন।
নবনিযুক্ত থাই রাষ্ট্রদূত তাকে স্বাগত জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
