২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুগ্ন টেক্সটাইল মিলের মালিকরা লাভজনক ঋণ দাবি করেছেন

গ্রামাঞ্চলের টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রাখতে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিল ও পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ) এই খাতে ৫০০ কোটি টাকার ঋণ দেওয়ার দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রোববার অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাদা মিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের সাব-সেক্টরগুলোকে রুগ্ন শিল্প ঘোষণার দাবি জানান। একই সাথে এসব শিল্পকে সরকারের পুনর্বাসন প্রকল্পের আওতায় নেওয়ার দাবি জানান তিনি।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোশিয়েশন নেতা লিয়াকত আলী ভূঁইয়া, কাজী রফিকুল আলম ও আবদুস সাত্তার প্রমুখ।

বক্তারা বলেন, অপরিকল্পিত শিল্প স্থাপন নীতি, ব্যাংকগুলোর অসহযোগিতা, সস্তা মূল্যের কাপড়ের চোরাচালান, অনুন্নত মেশিনারিজ, লোড শেডিং ও রাজনৈতিক অস্থিরতার কারণে সম্ভাবনাময় এ শিল্পখাতটি ধ্বংসের দিকে এগুচ্ছে।

নেতারা বলেন, এই অ্যাসোসিয়েশনের অধীন ৪৮ টি ইন্ডাস্ট্রিকে রুগ্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে এসব ইন্ডাস্ট্রিগুলো ৫০ কোটি টাকা ঋণ নিয়েছিল যা সুদাসলে গিয়ে দাঁড়ায় ১৫০ কোটি টাকায়।

এসব ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে রাখতে তারা কিস্তির মাধ্যমে পূর্বের ঋণ ফেরত দেওয়ার সুযোগ প্রদান এবং নতুন করে ১০০ কোটি টাকা ঋণ দেওয়ার দাবি জানান।