শ্রমিকদের নুন্যতম মজুরি ৩,০০০ টাকা নির্ধারণের দাবি
বাংলাদেশ সংযুক্ত চট, সুতা ও বস্ত্রকল শ্রমিক ফেডারেশন (বিএসসিএসবিএস) আগামী ৩০ জুনের মধ্যেশিল্প-কারখনার শ্রমিক কর্মচারিদের নুন্যতম বেতন ৩,০০০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে।
রাজধানীতে শনিবার এক সংবাদ সম্মেলনে বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহম্মদ ফয়েজ উল্লাহ বলেন, এই দাবি পূরণ না হলে আমরা গেট মিটিং, মিছিল-সমাবেশ ও বিক্ষোভ সমাবেশের মত আরও কঠিন কর্মসূচি দেব।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমরা এখনও ১৯৯৭ সালের ওয়েজ কমিশন নির্ধারিত বেতন পাচ্ছি। কিন্তু এই সময়ের মধ্যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য অত্যাধিক বৃদ্ধি পেলেও আমাদের ভাগ্যের কোনও পরিবর্তন ঘটেনি।
বিএসসিএসবিএস তাদের দাবির সমর্থনে দেশব্যাপী ৫ মাসের কর্মসূচি ঘোষণা করেছে। ১৫ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে তারা দেশব্যাপী প্রত্যেক শিল্প এলাকায় মিছিল সমাবেশ করবে।
মে মাসের কর্মসূচি শুরু হবে নওয়াপাড়ার কর্মসূচির মধ্য দিয়ে এবং চট্টগ্রামে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে ৭ মে।
জুন ও জুলাইয়ের কর্মসূচির মধ্যে রয়েছে নরসিংদী, ঘোড়াশাল, ভৈরব, কাঞ্চন এবং গাজীপুরের মিছিল সমাবেশ। জুনের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত এ সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। টাঙ্গাইলে শ্রমিক সমাবেশ হবে ৪ জুন এবং ১০ জুন হবে চৌমুহনির সমাবেশ। ১৫ জুলাই অনুষ্ঠিত হবে শ্রমিক সম্মেলন ।
