ঢাকা ভ্রমন মেলা শুরু
রাজধানীতে শুক্রবার তিন দিনব্যাপী আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলা “ঢাকা ট্রাভেল মার্ট” শুরু হয়েছে। দেশের পর্যটন শিল্পের বিকাশের জন্য মেলায় বাংলাদেশী পর্যটকদের জন্য বিভিন্ন প্যাকেজ অফার করা হয়েছে এবং পর্যটন সম্পর্কিত পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি উলফগ্যাং ভোলম্যান মেলার উদ্বোধন করেন। ট্যুর অপারেটরস এ্যাসোশিয়েশন অব বাংলাদেশ এবং এ্যাসোশিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের সহায়তায় পর্যটন বিষয়ক স্থানীয় একটি পাক্ষিক ম্যাগাজিন বাংলাদেশ মনিটর মেলার আয়োজন করে।
বাংলাদেশ চ্যাপ্টার অব পিএটিএ’র চেয়ারম্যান আবদুল মান্নান এমপি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ডঃ মাহবুবুর রহমান, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডব্লিউ ভোলম্যান বলেন, বাংলাদেশের অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ্য এর ট্রাভেল ও ট্যুরিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত সক্ষম।
তিনি বলেন, স্থানীয় ও বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন করতে হবে।
প্রায় ১৫ টি দেশ থেকে ৪২ টির মতো স্টল প্রদর্শনীতে অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
