মিডিয়ার বিরুদ্ধে দোষারোপ অব্যাহত রেখেছেন সাইফুর রহমান
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার দেশের অর্থনীতিবিদ, স্থানীয় সংবাদপত্র এবং ইলেক্ট্রনিক মিডিয়াকে ‘ড্রয়িংরুম ভিত্তিক’ বলে কঠোর সমালোচনা করে বলেছেন, তারা জাতিকে বিভ্রান্ত করছে।
বুধবার ক্ষুদ্র--অর্থায়ন সংস্থা আশা’র (এএসএ) একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এটাই ফুটিয়ে তোলে, জিডিপি বৃদ্ধি, বিনিয়োগ এবং শিল্পায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি করছে। কিন্তু মিডিয়া এসব উন্নয়ন দেখতে পায় না।
মন্ত্রীর ভাষ্য মতে, দেশজুড়ে হাজার হাজার ইটভাটা দেখেই বোঝা যায়, দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে।
বিএনপি’র নেতৃত্বাধীন ক্ষমতাসীন চারদলীয় জোট সরকারের দ্বিতীয় কর্তাব্যক্তি বলে বিবেচিত সাইফুর রহমান বলেন, বাংলাদেশের মিডিয়া সকল উন্নয়ন কর্মকাণ্ড বাদ দিয়ে সবসময় নেতিবাচক সংবাদ ফুটিয়ে তোলে।
তিনি বলেন, পত্রিকাওয়ালারা (সাংবাদিকরা) বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধির খবর প্রাধান্য দিয়ে প্রচার করে, কিন্তু দাম যখন কমে আসে তখন তা নিয়ে লেখে না কিংবা সে বিষয়ে কোন কিছু সম্প্রচারও করে না।
অর্থ মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির পিছনে পরিবহন সমস্যা ও খারাপ আবহাওয়ার মত বিষয়গুলো যে কাজ করে, সে বিষয়গুলো তারা বিবেচনা করে না।
দেশে বেকারত্বের কোন সমস্যা নেই উল্লেখ করে সাইফুর রহমান বলেন, আমি অনেক জায়গা দেখেছি, সেখানে কাজের লোক পাওয়া যায় না।
তিনি আরও বলেন, মাত্র ৫৫,০০০ বর্গমাইল এলাকায় ১৫ কোটি মানুষকে জায়গা দেওয়া পৃথিবীর অষ্টম আশ্চর্যের ঘটনা।
