স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল খুলনা নিউজপ্রিন্ট মিল
খুলনা নিউজপ্রিন্ট মিলের ১৩ একর জমি বিসিকের কাছে হস্তান্তরের মধ্য দিয়ে সোমবার প্রতিবাদ ও বিক্ষোভের মধ্যেও মিলটি চিরতরে বন্ধ হয়ে গেল।
সকালে মিলের অভ্যন্তরে বিসিক কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে মিলটির ১৩ একর জমি হস্তান্তর করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল হক।
২৬ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এডিপিভুক্ত উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় নিউজপ্রিন্ট মিলের ১৩ একর খালি জায়গা বিসিকের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়। চলতি মাসের ২০ তারিখ শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে খুলনা নিউজপ্রিন্ট মিল বিসিকের কাছে হস্তান্তর করার জন্যে বলা হয়। চিঠিটির স্মারক নং-- বিসিআইসি/কোম্পানি/ ১,৭৮ (৭)/২০০৫/২৪৮।
চিঠিতে ২৬ ডিসেম্বরের মধ্যে ১৩ একর জমি হস্তান্তরের জন্যে মিল কর্তৃপক্ষকে বলা হয়।
জমি হস্তান্তরের সময় মিলের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর করেন শামসুল হক এবং তা গ্রহণ করেন বিসিকের আঞ্চলিক পরিচালক খাজা নাজিম উদ্দিন। এসময় সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন বিসিকের তিন কর্মকর্তা-- নির্বাহী প্রকৌশলী মাহবুব সোবাহান, ব্যবস্থাপক শামসুল হক এবং আসাদুজ্জামান শিকদার।
এদিকে হস্তান্তরের প্রতিবাদে খুলনা নিউজপ্রিন্ট মিল রক্ষা কমিটি সোমবার সকাল থেকেই মিলগেটে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
এশিয়ার সবচে’ বড় খুলনা নিউজপ্রিন্ট মিলটিকে লোকসানি প্রতিষ্ঠান দেখিয়ে ২০০২ সালের ৩০ নভেম্বর লে--অফ ঘোষণা করা হয়। হঠাৎই মিলটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দেড় হাজার শ্রমিক কর্মচারি বেকার হয়ে পড়ে। ১৯৫৭--৫৮ সালে ভৈরব নদের তীরে একশ’ তিন একর জমির ওপর মিলটি গড়ে ওঠে। লে--অফ ঘোষণার পর শ্রমিকদের দীর্ঘ আন্দোলন সংগ্রামেও মিলটি চালু করেনি কর্তৃপক্ষ।
