ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণসহ একনেকে ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ ১৪টি প্রকল্পের জন্যে ২ হাজার ৯ শ’ ৯২ কোটি টাকা অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভায় ২ হাজার ৩শ’ ২ কোটি টাকার বৈদেশিক সাহায্যসহ ১৪টি প্রকল্পের এ অনুমোদন দেওয়া হয়।
একনেক বৈঠকে বহুল আলোচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ (দাউদকান্দি-চট্টগ্রাম) প্রকল্পে ১ হাজার ৬শ’ ৯৯ কোটি টাকা, উদ্ধারকারী জলযান সংগ্রহ প্রকল্প সাহায্য ১শ’ ৮২ কোটিসহ ২শ’ ৬৩ কোটি টাকা এবং সেগুনবাগিচায় মহিলা ও শিশু ডায়াবেটিস, এন্ডোক্রিন ও মেটাবলিক হাসপাতাল প্রকল্পে ৩৭ কোটি টাকা এবং পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রকল্প সাহায্য ৮০ কোটি টাকাসহ ৮১ কোটি টাকা অনুমোদন করা হয়।
বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমান বলেন, জাপানের ঋণ মওকুফ অনুদান থেকে প্রাপ্ত টাকার মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ হাতে নেয়া হয়েছে।
এ প্রকল্প বাস্তবায়নে পণ্য পরিবহনে যুগান্তকারী পরিবর্তন হবে উল্লেখ করে তিনি বলেন, এত বড় প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা নেই, ফলে প্রকল্প বাস্তবায়নের আগে বিদেশী বিশেষজ্ঞদের সহায়তার বিভিন্ন ধরনের সমীক্ষা করা প্রয়োজন হবে।
এছাড়া একনেক বৈঠকে থানা সংযোগ সড়ক ও অসমাপ্ত সেতু সমাপ্তকরণ প্রকল্পে ১শ’৮২ কোটি টাকা, সারা দেশে পুলিশের থানাগুলোকে কম্পিউটারাইজেশনে (প্রথম পর্যায়ে) ২৭ কোটি টাকা, কক্সবাজার ও খেপুপাড়ার আবহাওয়া সংক্রান্ত রাডার সিস্টেম উন্নয়ন প্রকল্পে ১শ’ ২৯ কোটি টাকা, সৌর গৃহস্থ জ্বালানিতে প্রকল্প সাহায্য ২৫ কোটি টাকা এবং উপজেলা কমপ্লেক্স নির্মাণে ৭৩ কোটি টাকা অনুমোদন করা হয়।
১৪টির মধ্যে সাতটি প্রকল্প সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ত করা হবে এবং অপর সাতটির জন্যে জাপান, দক্ষিণ কোরিয়া এবং জার্মানি আর্থিক সহায়তা দিচ্ছে।
একনেক বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ।
