প্লাস্টিক মেলা: ৩৫ কোটি টাকার প্লাস্টিক পণ্য সরবরাহের অর্ডার
চার দিনব্যাপী প্লাস্টিক পণ্যমেলা রোববার শেষ হয়েছে। মেলা উপলক্ষে দেশি ও বিদেশি ক্রেতাদের কাছ থেকে আশানুরূপ সাড়া মিলেছে। প্লাস্টিক পণ্য প্রস্তুতকারকরা ক্রেতাদের কাছ থেকে ৩৫ কোটি টাকার অর্ডার পেয়েছেন।
বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি জসীম উদ্দিন বিডিনিউজকে জানান, দেশি ও বিদেশি ক্রেতাদের কাছ থেকে চমৎকার সাড়া পাওয়া গেছে।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিপিজিএমইএ এ মেলার আয়োজন করে। মেলার মিডিয়া পার্টনার ছিল ডেইলি স্টার এবং এটিএন বাংলা।
মেলায় প্রদর্শনকারীরা তাদের উৎপাদিত ফার্নিচারসহ গৃহস্থালির নানা রকমের প্লাস্টিক পণ্য প্রদর্শন করেন। এছাড়া প্যাকিং ও র্যাপিংয়ের বিভিন্ন সামগ্রী, বিভিন্ন গার্মেন্টস সামগ্রী, পানির ট্যাংক, বোতলসহ প্লাস্টিকের তৈরি বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি মেলায় তুলে ধরা হয়।
জসীম উদ্দিন বলেন, স্থানীয় উৎপাদকরা মেলায় তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করেন। তারা দেশীয় ক্রেতাদের কাছ থেকে ৩০ কোটি টাকার এবং বাইরের ক্রেতাদের কাছ থেকে ৫ কোটি টাকার অর্ডার পেয়েছেন।
ওয়ালমার্ট ও টেসকোর স্থানীয় প্রতিনিধিসহ চীন, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকংয়ের ৫০ টি ক্রেতা প্রতিষ্ঠান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন বলে তিনি জানান।
এছাড়া প্রায় ৪০ হাজার সাধারণ দর্শক মেলায় এসেছেন বলে জসীম উদ্দিন জানান। আগ্রহী ক্রেতা সাধারণের এ ধরনের সাড়া পেয়েও উৎসাহিত হয়েছেন প্রস্তুতকারকরা।
ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানসহ মোট ৪০ টি প্রতিষ্ঠান মেলায় তাদের প্লাস্টিক পণ্য উপস্থাপন করেছে।
প্লাস্টিক পণ্যের প্রত্যক্ষ ও পরোক্ষ রপ্তাানির মাধ্যমে বাংলাদেশ গত অর্থবছরে মোট ৮৬৫ কোটি টাকা আয় করে। গত ২০০৪-২০০৫ অর্থবছরে প্লাস্টিক পণ্যের রপ্তানি প্রবৃদ্ধির হার ছিল ৭৭ শতাংশ।
