২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন প্রকল্প বরাদ্দের সিংহভাগ ব্যয় হচ্ছে ট্রেড ফাইন্যান্সিংয়ে

বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন প্রকল্পে বরাদ্দকৃত ১৫৪ কোটি টাকার চার তৃতীয়াংশই ব্যয় করা হয়েছে ট্রেড ফাইনাসিংয়ে। এর ফলে বিশেষজ্ঞরা মনে করছেন প্রকল্পের প্রকৃত অর্থনেতিক প্রবৃদ্ধি বাড়ানোর মূল লক্ষ্যই বাধাগ্রস্ত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. জায়েদ বখ্ত বিডিনিউজকে বলেন, প্রকল্পের সিংহভাগ ট্রেডিং খাতে ব্যয় করা হলে পুনঃঅর্থায়নের লক্ষ্য পুরোটাই ব্যর্থ হবে।

এ প্রকল্পের অধীনে পুনঃঅর্থায়নের আওতাভূক্ত ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোট বরাদ্দের ৭৮ শতাংশ ব্যবসায়িক উদ্যোক্তাদের, ১৪ শতাংশ শিল্প খাতকে এবং আট শতাংশ সেবা খাতকে বরাদ্দ দেওয়া হয়।

ব্যাংক থেকে অর্থ পেতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হয়রানির কথা উল্লেখ করে ফায়েদ বখ্ত বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে অর্থ দিয়ে সহায়তা করার জন্যেই এ তহবিল গঠন করা হয়েছিলো। বিকল্প এ অর্থের সাহায্যে তারা যাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে সেটাই ছিলো এর লক্ষ্য।

তিনি বলেন, ব্যাংকগুলো তাদের নিজেদের তহবিল থেকেই ব্যবসায়ীদেরকে ঋণ দেয়। তাই এ প্রকল্পের মাধ্যমে তাদেরকে অর্থ দেওয়ার প্রয়োজন নেই।

জায়েদ বখ্ত বলেন, পুনঃঅর্থায়ন উদ্যোক্তাদের পণ্য ও সেবা উৎপাদন কাজে ব্যবহৃত হওয়া প্রয়োজন। ট্রেডিং খাতের জন্যে যে এ অর্থ বরাদ্দ নয় তা বাংলাদেশ ব্যাংককেই নিশ্চিত করতে হবে ।

এর আগে সরকার শিল্প খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ভূমিকার কথা স্বীকার করে শিল্প নীতিমালায় এ বিষয়টিকে প্রাধান্য দেয় এবং এ প্রকল্প চালু করে। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় ২০০৪ সালের জুলাইয়ে মোট ১৬০ কোটি টাকার এ প্রকল্প শুরু হয়। এর মধ্যে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা ঋণ হিসেবে ৬০ কোটি টাকা দেয় বিশ্বব্যাংক।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক ২০০৪ সালের সেপ্টেম্বর থেকে ২০০৫ এর সেপ্টেম্বর পর্যন্ত ১৬০ কোটি টাকার মধ্য থেকে বিভিন্ন ব্যাংক ও ননব্যাংকিং আথিক প্রতিষ্ঠানকে পুনরায় ১৫৪ কোটি টাকা বরাদ্দ দেয়।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে সাতটি ব্যাংক ও নয়টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে পুনঃঅর্থায়ন করা হয়। অন্যদিকে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা তহবিল থেকে পুনরায় অর্থ দেওয়া হয় চারটি ব্যাংক ও দু’টি ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে।

তবে ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংক উভয় তহবিল থেকেই পুনরায় অর্থ সাহায্য পায়। 

পুনঃঅর্থায়ন প্রকল্পের মোট বরাদ্দে ৩৯ দশমিক ০৫ শতাংশ পায় ব্র্র্যাক ব্যাংক। প্রাপ্ত অর্থের ৮৪ দশমিক ৩০ শতাংশ তারা ব্যবসায়িক উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করে। অন্যদিকে এটি শিল্প কারখার মাঝে বিতরণ করে ১৫ শতাংশ।

একথা স্বীকার করে ব্রাক ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, তাদের কাছে ঋণ নিতে আসা লোকজনের বেশিরভাগই হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী। এ ব্যবসায়ীরা দুই থেকে পাঁচ লাখ টাকা ঋণ চায় বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আমরা কৃষি ও শিল্প খাতে ঋণ প্যাকেজ চালুর কথা ভাবছি।

এদিকে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকও উভয় তহবিল থেকে অর্থ পায়। কিন্তু শিল্প উদ্যোক্তারা তাদের কাছ থেকে ঋণ পেয়েছে মাত্র দশমিক ৪৩ শতাংশ।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ট্রেড ফাইন্যান্সিংকে নিরুৎসাহিত করে পুনঃঅর্থায়ন নীতিমালায় কোনও নির্দেশনা নেই। কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ঋণ দেওয়া ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়ার পর ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি ফিরে এসেছে।

এদিকে এসব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড পেয়েছে সর্বোচ্চ বরাদ্দ। শিল্প খাতে এ প্রতিষ্ঠানটি ঋণ দিয়েছে ১৮ শতাংশ। তবে তারা তাদের মোট ঋণের ৬১ শতাংশ দেয় ট্রেডিং খাতে।