২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ইপিজেড--এ সৃষ্ট সংকট নিরসনে শ্রমিকদের সমস্যা সমাধানের সিদ্ধান্ত

বেপজার নীতিমালা অনুযায়ী শিল্প কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় কুমিল্লা ইপিজেড--এর শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিরসনে ইপিজেড কর্মকর্তা, শিল্প কারখানা কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন কর্মকর্তাদের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 03:06 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

ইপিজেড রেস্টহাউসে শনিবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেপজা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ জাকির হোসেন।

বৈঠকে বেপজা চেয়ারম্যান কুমিল্লা ইপিজেড--এ সৃষ্ট সমস্যা সমাধানে ইপিজেড--এর বর্তমান জেনারেল ম্যানেজারের ব্যর্থতাকে দায়ী করেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা আলীম আক্তার খান শ্রমিকদের সময়মত বেতন ভাতা প্রদান, গ্রেপ্তারকৃত ১৩ জন শ্রমিকের নিঃশর্ত মুক্তি দান এবং ট্রেড ইউনিয়ন করাসহ অন্যান্য দাবি বৈঠকে তুলে ধরেন।

বেপজা চেয়ারম্যান শ্রমিকদের এসব দাবিদাওয়া পূরণের আশ্বাস দেন।

অনতিবিলম্বে ইপিজেডের সকল শিল্প কারখানার শ্রমিকদের কাজে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে ইপিজেড কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনসহ শিল্প কারখানা কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

বেপজা চেয়ারম্যান  ইপিজেডে শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার জন্যে শ্রমিক কর্মচারিসহ শিল্প কারখানা কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে বলেন, বেপজার নিয়ম অনুযায়ী অন্যান্য শিল্প কারখানার চেয়ে ইপিজেডগুলোতে শ্রমিকদের বেশি পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে।

কুমিল্লা ইপিজেড--এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফজলুর রহমানসহ কর্মকর্তাগণ এবং জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীম আক্তার খান, সদর দক্ষিণ পৌর প্রশাসক মোহাম্মদ নুরুল ইসলামসহ ইপিজেড--এ চালুকৃত ১২টি শিল্পকারখানা কর্তৃপক্ষের কর্মকর্তা প্রতিনিধিগণ বৈঠকে উপস্থিত ছিলেন।