২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ্য তেল, চাল, আলু, মুগ ডালের দাম বেড়েছে

চলতি সপ্তাহে খুচরা বাজারে ভোজ্য তেলের দাম গত সপ্তাহের তুলনায় তিন থেকে আট টাকা বেড়েছে। তবে চিনি এবং শীতকালীন সবজি সীম ও মূলার দাম কিছুটা কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 05:14 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

গত সপ্তাহে প্রতিকেজি খোলা সয়াবিনের দাম ছিল ৪৮ টাকা। কিন্তু শুক্রবার তা খুচরা বাজারে ৫৬ টাকায় বিক্রি হয়েছে। এদিকে বোতলজাত সয়াবিনের দাম গত সপ্তাহে যেখানে ছিল ৫৩ টাকা এ সপ্তাহে তা এক লাফে ৫৬ টাকায় পৌঁছেছে।

বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পেলেও নতুন ও পুরাতন সকল প্রকার মোটা চালের দাম কেজি প্রতি ৫০ পয়সা থেকে এক টাকা বেড়েছে। শুক্রবার সাড়ে ১৭ থেকে ১৯ টাকায় এ ধরনের চাল বিক্রি হয়েছে। এদিকে নাজির শাইল ও মিনিকেটের মতো নতুন পুরাতন সকল প্রকার মাঝারি মানের চালের দাম কেজি প্রতি এক টকা বৃদ্ধি পেয়েছে। বাজারে নাজিরশাইল ২৩ থেকে ২৪ টাকায় এবং মিনিকেট ২৮ থেকে ২৯ টাকায় বিক্রি হচ্ছে।

তবে চিনির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে দুই থেকে চার টাকা কমেছে। চলতি সপ্তাহে প্রতি কেজি চিনি ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, সরকার চিনি আমদানির ঘোষণা দেওয়ায় চিনির দাম কিছুটা কমে এসেছে।

ভোজ্য তেলের দাম বৃদ্ধির ব্যাপারে কারওয়ান বাজারের ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, আমদানি খরচ বেড়ে যাওয়ায় সয়াবিনের দাম বেড়েছে।

সয়াবিন আমদানিকারকদের কথা উল্লেখ করে তিনি বলেন, ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় সয়াবিনের দাম বেড়ে গেছে।

পলাশী বাজারের খুচরা বিক্রেতা সোহাগ জানান, শীতের কারণে তেল পরিশোধনকারীরা সয়াবিনের সাথে পাম ওয়েল মেশাতে পারছেন না। এ কারণে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে গত সপ্তাহে সরিষার তেলের দাম ছিল ৫৫ টাকা, কিন্তু চলতি সপ্তাহে তা বিক্রি হচ্ছে ৫৯ টাকায়। এছাড়া বোতলজাত সরিষার তেলের (৯০০ মিলি) দাম গত সপ্তাহের চেয়ে পাঁচ টাকা বেড়ে ৬০টাকায় বিক্রি হচ্ছে ।  

এদিকে কাঁচাবাজারে মুগ ডালের কেজি ৬০ টাকা, নতুন আলুর কেজি ২০ থেকে ২৪ টাকা এবং পুরাতন আলুর কেজি ১৫ টাকা।

শীতকালীন সবজির মধ্যে সীম ও মূলার দাম কমেছে। তবে ফুলকপি, বাধাকপি, বেগুন, গাজর, কাঁচা মরিচ, টমেটো, লাল শাক, পালং শাক ও পেঁয়াজের দাম আগের মতোই রয়েছে।