প্ল্যাস্টিক প্রস্ততকারকদের দাবি পূরণে অর্থমন্ত্রীর প্রতিশ্র“তি
প্লাস্টিক খাতের উন্নয়ন নিশ্চিত করতে বৃহস্পতিবার প্লাস্টিক প্রস্তুতকারকদের ন্যায্য দাবি পূরণের আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া চারদিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।
ডেইলি স্টার পত্রিকা ও এটিএন বাংলার সহযোগিতায় বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এ মেলার আয়োজন করে।
প্লাস্টিক পণ্য প্রস্তুতকারকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এ ব্যাপারে আপনাদের সকল সুবিধা দেওয়া হবে এবং সকল বাধা তুলে নেওয়া হবে।
বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন কাঁচামাল আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ ব্যাংক গ্যারান্টি এবং অন্যান্য জটিলতার কথা তুলে ধরলে সাইফুর রহমান এ আশ্বাস দেন।
শিল্প নীতিমালার কথা উল্লেখ করে বিপিজিএমইএ সভাপতি জসিম উদ্দিন বলেন, নীতিমালায় কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৬ শতাংশ শুল্ক নেওয়ার বিধি থাকলেও প্লাস্টিক পণ্য প্রস্তুতকারকদেরকে মৌলিক কাঁচামাল আমদানির ক্ষেত্রে ১৩ শতাংশ শুল্ক দিতে হচ্ছে।
এছাড়াও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্যাকেজিং পণ্য তৈরির ক্ষেত্রে নীতিমালা মানায় বাধ্যবাধকতা আরোপ করায় স্থানীয় প্রস্তুতকারকরা হয়রানির শিকার হচ্ছেন। এর মধ্যে রয়েছে ১০০ মাইক্রোনের পাতলা ব্যাগ উৎপাদন নিষিদ্ধ রাখা। কিন্তু একই ধরনের ব্যাগ বিদেশ থেকে আমদানির ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
রপ্তানিমুখী প্লাস্টিক শিল্প কারখানাকে ১০ ভাগ নগদ অর্থ সহায়তা দেওয়ার দাবি জানান বিপিজিএমইএ সভাপতি।
এ খাতে গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, কাঁচামালের আওতায় পড়লে অন্য খাতের মতো প্লাস্টিক পণ্য প্রস্তুতকারকদেরকেও একই শুল্কে মৌলিক কাঁচামাল আদমানির সুযোগ দেওয়া হবে।
তিনি বলেন, অন্য খাতের প্রস্তুতকারকরা এ সুবিধা পেলে আপনারা কেন পাচ্ছেন না, বিষয়টি আমি দেখবো।
ব্যাংক গ্যারান্টির ব্যাপারে সাইফুর রহমান বলেন, কাঁচামাল আমদানির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি অপ্রয়োজনীয় হলে তা প্রত্যাহার করা হবে।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে প্লাস্টিক পণ্য প্রস্তুতকারকদের প্রতি নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনার জন্যে শিগগিরই অর্থনীতি বিষয়ক মন্ত্রিপরিষদের একটি সভা আহ্বান করা হবে।
তিনি আরও বলেন, আমদানি করার অনুমতি থাকলে সেটি দেশে প্রস্তুতের অনুমতি না থাকাটা অন্যায়। এ ব্যাপারটি নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন বলে তিনি জানান।
অনুষ্ঠানের অন্যান্যের মরে্য বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু বক্তব্য রাখেন।
