জুলাই-আগস্ট মাসে দেশের রপ্তানি বেড়েছে ১২ দশমিক ৪৭ শতাংশ
চলতি অর্থবছরের প্রথম চার মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় মোট রপ্তানি বেড়েছে ১২ দশমিক ৪৭ শতাংশ। জুলাই-ডিসেম্বর মাসে মোট রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ শ’ ৩৪ কোটি ৬০ লাখ ডলার। বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো এ তথ্য জানিয়েছে।
এ সময়ে মূলতঃ নিটওয়্যার ও ওভেন রপ্তানির পরিমান বাড়ায় সামগ্রিকভাবে রপ্তানিতে এই বৃদ্ধি ঘটেছে। তবে আরও কিছু বৃহৎখাতে আয়ের পরিমান বৃদ্ধি পেয়েছে।
এ সময়ে নিটওয়্যার খাতে ২৬ শতাংশ প্রবৃদ্ধি কারনে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ১২৩ কোটি ডলার। এ খাতে নিটওয়্যার রপ্তানি লক্ষ্যমাত্রা থেকেও তিন শতাংশ বেশি প্রবৃদ্ধি হয়েছে।
ব্যুরোর এক কর্মকর্তা জানান, এ প্রথমবারের মত কোটামুক্ত সময়ে ওভেন গার্মেন্টস খাতে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি ঘটেছে। এ সময়ে গার্মেন্টস খাতে দশমিক ১৮ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে রপ্তানির পরিমান দাঁড়ায় ১২৮ কোটি ৬০ লাখ ডলার।
এ সময়ে রপ্তানি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ঘটেছে টেক্সটাইল ফেব্রিক্স খাতে। এ খাতে ২১৭শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে মোট রপ্তানির পরিমান দাঁড়ায় ১ কোটি ৩০ লাখ ডলার।
দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিমায়িত খাদ্য রপ্তানি ৬ শতাংশ হ্রাস পেয়ে এ সময়ে রপ্তানির পরিমান দাঁড়ায় ১৬ কোটি ৫৪ লাখ ডলার। যদিও এ সময়ের হিমায়িত খাদ্য লক্ষ্যমাত্রার চেয়ে ১১ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।
অন্যদিকে, চার মাসে কৃষিজ পণ্যের ও চামড়ার রপ্তানি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫৫ ও ১৬ শতাংশ। এ দু’খাতে মোট রপ্তানি পরিমান দাঁড়ায় যথাক্রমে ৪ কোটি ১১ লাখ ডলার ও ৮ কোটি ৭ লাখ ডলার। এ সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি মোট পরিমান দাঁড়িয়েছে যথাক্রমে ৩ কোটি ও ১১ কোটি ৪০ লাখ ডলার এবং প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১৭ ও ১৪ শতাংশ।
এছাড়াও, পেট্রোলিয়ামজাত পণ্য, বাইসাইকেল, ফুটওয়্যার, চামড়া, সিরামিক এবং কারুপণ্য খাতে ইতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি ঘটেছে। অন্যদিকে চা, মেলামাইন, কৃষি প্রক্রিয়াজাত পণ্য ও হোম টেক্সটাইল রপ্তানি হ্রাস পেয়েছে।
এ অর্থবছরের প্রথম চার মাসে উচ্চ রপ্তানি বাড়ার প্রধান কারণই ছিল প্রাথমিক ও উৎপাদিত উভয় পণ্যের পরিমানগত রপ্তানির ১৬ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি।
এ সময়ে প্রাথমিক ও উৎপাদিত পণ্যের রপ্তানি মূল্যসূচক কমেছে যথাক্রমে ১১ শতাংশ ও ৩ দশমিক ৩১ শতাংশ এবং পরিমাণ সূচক বেড়েছে যথাক্রমে ১৭ দশমিক ১৫ শতাংশ ও ১৬ দশমিক ৩৩ শতাংশ।
এসময় প্রাথমিক ও উৎপাদিত পণ্যের রপ্তানি বৃদ্ধি হার ছিলো যথাক্রমে প্রায় ৬ শতাংশ ও ১৩ শতাংশ।
