যুক্তরাষ্ট্রের সহায়তা প্রদানের জন্যে মিলেনিয়াম চ্যালেঞ্জ গ্র“পের ২৩ দেশের তালিকা প্রণয়ন, বাংলাদেশ নেই
মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের (এমসিসি) পক্ষ থেকে ২০০৬ অর্থবছরে মার্কিন সাহায্য বরাদ্দের লক্ষ্যে ২৩ টি দেশকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম নেই।
যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০০৬ অর্থবছরে কোন কোন দেশকে মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্ট (এমসিএ) থেকে বরাদ্দ দেওয়া হবে সে ব্যাপারে ৮ নভেম্বর এমসিসি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের মাধ্যমে বোর্ড এ বরাদ্দের জন্য আর্মেনিয়া, বেনিন, বলিভিয়া, বারকিনা ফাসো, কেপ ভারডে, পূর্ব তিমুর, আল সালভাদর, জাম্বিয়া, জর্জিয়া, ঘানা, হন্ডুরাস, লেসুথো, মাদাগাস্কার, মালি, মঙ্গোলিয়া, মরক্কো, মোজাম্বিক, নামিবিয়া, নিকারাগুয়া, সেনেগাল, শ্রীলঙ্কা, তানজানিয়া এবং ভ্যানুটুকে তালিকাভুক্ত করে।
জন ড্যানিলোভিচ বর্তমানে এমসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। গত ৭ নভেম্বর তিনি দায়িত্ব পান এবং মঙ্গলবার তিনি শপথ নিয়েছেন।
এমসিসি’র মাধ্যমে এমসিএ’র অ্যাকাউন্ট পরিচালিত হয়। প্রায় দু’বছর আগে থেকে এ কর্মসূচি চালু হয়। বিশেষ করে যেসব দেশ সুশাসন, বিনিয়োগ ও অর্থনৈতিক স্বাধীনতাকে উৎসাহিত করে সেসব দেশকে এ সাহায্য দেওয়া হয়ে থাকে।
ছয়টি দেশকে ইতোমধ্যে এমসিএ তহবিলের জন্য অনুমোদন দেয়া হয়েছে। সর্বশেষ ১৬ ডিসেম্বর এমসিসি এমসিএ তহবিলের জন্য আর্মেনিয়াকে অনুমোদন দেয়।
এর আগে মাদাগাস্কারকে সম্পত্তি অধিকার উন্নয়ন কর্মসূচির জন্য, উৎপাদিত ফসল বাজারজাতকরণে কৃষকদের সহযোগিতা দেওয়ায় হন্ডুরাস ও নিকারাগুয়া, জ্বালানি পাইপ লাইনের উন্নয়নের জন্য জর্জিয়া, সড়ক ও সেতু নির্মাণের জন্য কেপ ভারডে এবং পল্লী দারিদ্র বিমোচনের জন্য আর্মেনিয়াকে এ তহবিল থেকে সহযোগিতা দেওয়া হবে।
দেশগুলোর তালিকা তৈরি করতে গিয়ে এমসিসি ১৬ টি বিষয়ের ওপর বিশেষ জোর দেয়। সেগুলোর মধ্যে রয়েছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অবাধ ও খোলামেলা মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করা, ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ আইনি ব্যবস্থা এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগ।
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক বিষয়ে মঙ্গলবার এক অনলাইন আলোচনায় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উপসহকারী মন্ত্রী জন এ গ্যাস্টরাইট বলেন, বাংলাদেশের জন্য দুর্নীতি একটি হুমকি।
এমসিএ সুবিধা পেলে বাংলাদেশের দুর্নীতি পরিস্থিতির অনেক উন্নতি হত, এ ব্যাপারে তার মতামত জানতে চাইলে গ্যাস্টরাইট বলেন, সরকারের আগের দেওয়া প্রতিশ্র“তি রক্ষায় আরও তৎপর হওয়া উচিত।
