২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘন্টা বিও একাউন্ট ব্যালেন্স চেকিংয়ের ব্যবস্থা: ডিএসই’তে নতুন ব্রোকারেজ হাউজ ‘প্রাইমেট সিকিউরিটিজ’ যাত্রা শুরু

অত্যাধুনিক অনলাইন প্রযুক্তির মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্চ (ডিএসই) এ বিনিয়োগকারীদের শেয়ার লেনদেনে সবোর্চ্চ সেবা প্রদানের লক্ষ্য নিয়ে প্রাইমেট সিকিউরিটিজ নামে নতুন একটি ব্রোকারেজ হাউজ আজ আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

প্রাইমেট বাংলাদেশের প্রথম সিকিউরিটিজ হাউজ যা অনলাইন প্রযুক্তির মাধ্যমে দিনের ২৪ ঘন্টা এবং সপ্তাহের সাতদিনই বিনিয়োগকারীদের একাউন্ট ব্যালেন্স, সর্বশেষ লেনদেন ও বিও একাউন্টের অবস্থা সম্পর্কে তথ্য জানাবে ।

মতিঝিলের মধুমিতা সিনেমা হল ভবনে অবস্থিত প্রাইমেট এর অত্যাধুনিক ও সুসজ্জিত অফিস মঙ্গলবার ডিএসই এর প্রেসিডেন্ট শাহিক খান আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন। ডিএসই’র সাবেক প্রেসিডেন্ট আহমেদ ইকবাল হাসান, এফবিসিসিআই এর পরিচালক আফতাবুল ইসলামসহ ডিএসই’র পরিচালক, সদস্যসহ উর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডিএসই’র কর্পোরেট মেম্বার প্রাইমেট সিকিউরিটিজ তার গ্রাহকদের শেয়ার লেনদেন সুবিধার পাশাপাশি ফুল ডিপোজিটরি সার্ভিস এবং শেয়ার ডিমেটিং সুবিধা প্রদান করবে। এছাড়া দেশী বিদেশী উভয় বিনিয়োগকারীদের সর্বশেষ একাউন্ট ব্যালেন্স জানাতে অনলাইন সেবা প্রদান করবে প্রাইমেট। প্রতিষ্ঠানটি প্রতিদিনই ফোন ও ফ্যাক্সের মাধ্যমে তার গ্রাহকদের বিনিয়োগ ও শেয়ার সংক্রান্ত সকল প্রকার তথ্য জানাতে হোম সার্ভিস প্রদান করবে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে ডিএসই প্রেসিডেন্ট বলেন, প্রাইমেট যে অনলাইন বিও একাউন্ট ব্যালেন্স জানার সিস্টেম চালু করতে যাচ্ছে তা ডিএসই তে শেয়ার লেনদেনে এবং বিনিয়োগকারীদের ডিএসই’র অত্যাধুনিক প্রযুক্তি গ্রহনে একটি নতুন মাত্রা যোগ করবে।

তিনি বলেন, ডিএসই’র ব্রোকারেজ হাউজগুলোর উচিত নতুন নতুন প্রযুক্তি গ্রহনের মাধ্যমে বিনিয়োগকারীদের বন্ধুত্বপূর্ণ সেবা প্রদান করা। বাংলাদেশের শিল্পায়নে এবং পুজিঁ সৃষ্টিতে ডিএসই একটি প্রধান প্ল্যাটফর্মের ভূমিকা পালন করে আসছে বলে তিনি উল্লেখ করেন।

প্রাইমেট সিকিউরিটিজ এর প্রথম বিনিয়োগকারী হিসাবে আফতাবুল ইসলাম বলেন, সরকারের পুজিঁবান্ধব নীতিমালার কারনে পুজিঁবাজারের উন্নয়ন ঘটেছে। আর প্রাইমেট সিকিউরিটিজ এর সার্বক্ষনিক সেবা প্রদান করার এই প্রযুক্তি পুজিঁবাজারে আরও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সহায়তা করবে।

প্রাইমেট এর চেয়ারম্যান ডা: মোঃ জহিরুল ইসলাম বলেন, অত্যাধুৃনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দেশের তৃনমূল পর্যায় থেকে বিনিয়োগকারী সৃষ্টি করার লক্ষ্যে প্রাইমেট অচিরেই তাদের অনলাইন সার্ভিস দেশের অন্যান্য শহরে  বিস্তৃত করবে বলে তিনি জানান।

প্রাইমেটের ব্যবস্থাপনা পরিচালক ডা. তানভির হাসান সামি, পরিচালক ডা. আবু সাইদ টিটো এবং ডা. মোঃ সাইফুল ইসলাম পারভেজ বক্তব্য রাখেন।