২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা নিউজপ্রিন্ট চালুর দাবিতে সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি

খুলনা নিউজপ্রিন্ট বন্ধ করে প্রায় তিন হাজার কর্মকর্তা কর্মচারীর কর্মচ্যুতি এবং শিল্প পার্ক স্থাপনের নামে মিলটি ধ্বংসের চক্রান্তের প্রতিবাদ জানিয়েছে খুলনা নিউজপ্রিন্ট মিল রক্ষা কমিটি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

খুলনা প্রেসক্লাবে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, ফর্নিশ অয়েলের মাধ্যমে বর্তমানে খুলনা নিউজপ্রিন্ট মিলে বছরে ৪৮ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদন করা সম্ভব। আর এ কাগজ বিপণনের মাধ্যমে বার্ষিক গড় মুনাফা দাঁড়াবে নয় কোটি ৯৬ লাখ টাকা।

সম্মেলনে মিল রক্ষা কমিটির নেতারা বলেন, তুলনামূলকভাবে কম খরচে কাগজ উৎপাদনের প্রস্তাব দেওয়া হলেও কালো হাতের কারণে মিলটি চালু হচ্ছে না।

তারা এ জন্য সরকারে অদূরদর্শিতা এবং দেশি বিদেশি চক্রান্তকে দায়ী করেন। ধ্বংসের চক্রান্তের অংশ হিসেবে মিলের যন্ত্রপাতি ও মেশিনারিজ কর্ণফুলী পেপার মিলে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে বলে সম্মেলনে বক্তারা জানান।

নেতারা বলেন, মিলটি বন্ধের তিন বছরের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে নিউজপ্রিন্টের বর্তমান চাহিদার বিষয়টি প্রমাণ করে লোকসানের অজুহাতে মিল বন্ধের সরকারি সিদ্ধান্ত ভুল ছিল।

বক্তারা বলেন, সরকার শিল্পপার্ক স্থাপন ও যন্ত্রপাতি অন্যত্র সরিয়ে নেওয়ার চক্রান্ত করছে। তারা এ মিলটি বাণিজ্যিক ভিত্তিতে পুনরায় চালু করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে নিউজপ্রিন্ট মিল রক্ষা কমিটি তাদের নতুন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে রয়েছে, জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়, বিক্ষোভ মিছিল, বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক ও পেশাজীবীদের সাথে গণসংযোগ, জনসভা, মানববন্ধন এবং অনশন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিল রক্ষা কমিটির সদস্যসচিব মো. নিজাম উর রহমান লালু। অন্যান্যের মধ্যে মিল রক্ষা কমিটির উপদেষ্টা আলহাজ্ব লিয়াকত আলী, শ্রমিকনেতা অ্যাড. ফিরোজ আহমেদ, শ্রমিক লীগ নেতা সরদার মোতাহার উদ্দিন, শ্রমিক ফেডারেশন নেতা মাস্টার শফিকুল আলম এবং বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান সম্মেলনে উপস্থিত ছিলেন।