কিউসি কন্টেইনারের বিরুদ্ধে বেক্সিমকো’র মামলা: মালিকানাসহ যে কোন অর্থনৈতিক স্বার্থ হস্তান্তর না করার নির্দেশ
কিউসি কন্টেইনার লাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ২ জন পরিচালককে প্রতিষ্ঠানটির জাহাজের মালিকানা পরিবর্তন বা যেকোন অর্থনৈতিক স্বার্থ হস্তান্তর না করার নিদের্শ দিয়েছে উচ্চ আদালত।
বেক্সিমকো হোল্ডিংসের এক আবেদনের প্রেক্ষিতে আদালত বৃহস্পতিবার এ আদেশ জারি করেন।
জাহাজ কোম্পানিটির অন্যতম অংশীদার বেক্সিমকো হোল্ডিংসের কিউসি কন্টেইনার লাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে গত ২০০২ - ২০০৪ বছরে ৯৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ এনে একটি পিটিশন দায়ের করে।
বেক্সিমকো হোল্ডিংসের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট জাহাজ পরিচালনাকারী কোম্পানিটিকে আর্থিক হিসাব পরিচালনার জন্য পৃথক ব্যাংক একাউন্ট খোলারও নির্দেশ দেন। এই একাউন্টে কোম্পানির আয় আমানত হিসাবে রাখার কথা বলা হয়, যাতে পুনরায় কোন প্রকার আর্থিক অনিয়মের সম্ভাবনা না থাকে।
বেক্সিমকো হোল্ডিংসের পক্ষে এএসএফ রহমান এবং সালমান এফ রহমানের আবেদনের পক্ষে আদালতে আইনজীবি ছিলেন ব্যরিষ্টার রফিকুল হক ও ফাহিমুল হক। কোম্পানি আইনের ২৩৩ ধারা বলে কিউ সি কন্টেইনার লাইনের ব্যবস্থাপনা পরিচালক জামালউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ৯৫ কোটি টাকার আর্থিক অনিয়মের আবেদন বিবেচনায় নেন বিচারপতি শামীম হাসনাইন।
আবেদনকারীর আর্জিতে বলা হয়, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক অপর দু’জন পরিচালকের যোগসাজশে অতিরিক্ত ভাড়ার ভুয়া হিসাবপত্র দেখিয়ে ঐ পরিমান টাকা কোম্পানির হিসাব থেকে উত্তোলন করে এবং তা আত্মসাত করে। অন্য দুজন পরিচালক হচ্ছেন সাইফুদ্দিন কাদের চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী যারা সবাই সহোদর।
উল্লেখ্য, এএসএফ রহমান এবং সালমান এফ রহমান কিউ সি কন্টেইনার লাইনের মোট ৪৬ লাখ ২৯ হাজার ৪৪০ টি শেয়ারের মধ্যে ২৫ ভাগ শেয়ারের মালিক। ১৯৯৪ সালের কোম্পানি আইনের ধারা বলে কিউসি প্রতিষ্ঠিত হয়।
কোম্পানির বাকি অধিকাংশ শেয়ারের মালিকানা হচ্ছে সহোদর ব্যবস্থাপনা পরিচালক ও দুই পরিচালকের। কিউসি শিপিং পিটিই লিমিটেড সিঙ্গাপুর থেকে কিউসি কন্টেইনার লাইন লিমিটেড এমভি কিউসি ডিগনিটি এবং এমভি কিউসি অনার নামে দুটি জাহাজ পরিচালনা করছে। এছাড়া, এমভি কিউসি টিল ও এমভি কিউসি পিনটেনল নামে শিপিং লিমিটেড অব বাংলাদেশ থেকে চার্টার চুক্তির মাধ্যমে পরিচালনা করছে।
অপেক্ষাকৃত কম শেয়ারের মালিকগণ এক নীরিক্ষা প্রতিবেদনের ভিত্তিতে আদালতের শরণাপন্ন হন। ঐ প্রতিবেদনে তহবিল জালিয়াতির চিত্র পাওয়া যায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। ২০০৪ সালে কোম্পানি চার্টার বাবদ ৭৫ কোটি টাকার পুঞ্জিভূত একটি দেনা পরিশোধ করে। যা নিয়ম অনুযায়ী ৪২ কোটি টাকার বেশি হতে পারে না। প্রায় ৩৩ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে কোম্পানি কম শেয়ারহোল্ডারদের ন্যায্য সুবিধা বঞ্চিত করেছে। এছাড়া, ২০০৩ সালে ২৯ কোটি টাকা এবং ২০০২ সালেও ৩৩ কোটি টাকা অতিরিক্ত পরিশোধের প্রমাণ পাওয়া গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সব তথ্যের ভিত্তিতে আবেদনে বলা হয়, ২০০২ ও ২০০৪ সালে জাহাজ চার্টারের জন্য এসব অতিরিক্ত টাকা পরিশোধ করা হয়নি বলেও প্রতীয়মান হয়েছে। এই অনিয়মের ফলে শুধু কোম্পানির ৭১ কোটি টাকাই খোয়া যায়নি বরং কোম্পানির অপেক্ষাকৃত কম শেয়ারহোল্ডাররা যথাযথ লভ্যাংশ (৫১ শতাংশ হারে) প্রাপ্তি থেকেও বঞ্চিত হয়েছে।
