মঙ্গলবার বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠক
কঠোর নিরাপত্তা ও বিশ্বায়ন বিরোধীদের প্রতিবাদের মধ্য দিয়ে মঙ্গলবার থেকে হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার ৬ষ্ঠ মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে।
অব্যাহত কৃষি ও শিল্প শুল্ক এবং বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্ব বাণিজ্য আলোচনার অচলাবস্থা নিরসনের লক্ষ্য নিয়ে ৬ষ্ঠ সম্মেলন শুরু হচ্ছে।
ছয়দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশসহ ১৪৯ টি দেশের বাণিজ্য মন্ত্রীরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সম্মেলনে ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে বিশ্বায়ন বিরোধী প্রতিবাদে যোগ দিতে ১০০ এনজিও কর্মী ও সুশীল সমাজের সদস্যও হংকং পৌছেছে।
স্বল্পোন্নত দেশগুলোর জন্যে উন্নয়ন প্যাকেজ উন্মুক্ত করার পাশাপাশি দিকনির্দেশনা নিয়ে চুক্তিতে পৌঁছতে সম্মেলনে বহুজাতিক আলোচনা করা হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক প্যাসকেল লামি নির্ধারিত সময়ে দোহা উন্নয়ন রাউন্ড শেষ করা হবে বলে আশ্বাস দেন।
সম্মেলনে সৌদি আরব বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪৯তম সদস্য হিসেবে যোগ দিবে।
সম্মেলনে ছয় হাজার প্রতিনিধি, দুই হাজার বেসরকারি সংস্থার সদস্য, তিন হাজার সাংবাদিক ছাড়াও সম্মেলন চলাকালে রাস্তায় ১০ হাজার বিক্ষোভকারী উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।
ইতোমধ্যে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী হুমায়ুন আখতার খান অকৃষি বাজার প্রবেশের (এনএএমএ) ওপর আলোচনার ফ্যাসিলিটেটর হিসেবে মনোনয়ন পেয়েছেন।
