২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসবকালীন সময়ে হাসপাতালে না নেওয়ায় মাতৃমৃত্যুর হার বাড়ছে

জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সোমবার বলেছেন, প্রসবকালীন সময়ে দ্রুত হাসপাতালে না নেওয়ায় দেশে মাতৃমৃত্যুর হার বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

ইউএনএফপিএ’র অর্থ সহায়তায় ইনভলভমেন্ট অব পার্লামেন্টারিয়ানস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিপিডি) আয়োজিত অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস অ্যান্ড সাব-গ্র“পের (ইয়থ অ্যান্ড জেন্ডার) এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

২০০২ সালে সেফ ব্লাড ট্রান্সফিউশন অ্যাক্ট বাস্তবায়নের পর পেশাদার রক্তদাতাদের মাধ্যমে সংক্রমিত রোগের হার কমে এসেছে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর সংসদীয় উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, কেএম জাহাঙ্গীর এমপি, ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুনীতা মুখার্জিও এ বৈঠকে বক্তব্য রাখেন।

চট্টগ্রাম ও সিলেট বিভাগে জন্মের হার বেশি হওয়ার আর্থ সামাজিক কারণ সম্পর্কে একটি গবেষণা চালানোর জন্য ইউএনএফপিএ’র প্রতি আহ্বান জানান সালাউদ্দিন কাদের চৌধুরী।

সরকারের প্রধান এইচআইভি উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ড. এএসএম মতিউর রহমান, ইউএনএফপিএ’র জাতীয় কর্মসূচি কর্মকর্তা  ড. নূর মোহাম্মদ এবং ড. বুশরা বিনতে আলম আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মতিউর রহমান জানান, সর্বশেষ ৬ষ্ঠ ন্যাশনাল সিরো অ্যান্ড বিহ্যাভিওরাল সার্ভিলেন্সে দেখা যায়, আইডিইউ’র (হাই রিস্ক গ্র“প) মাধ্যমে এইচআইভি চার শতাংশ থেকে বেড়ে চার দশমিক নয় শতাংশে উন্নীত হয়েছে।

তিনি বলেন, এ হার পাঁচ দশমিক শূন্যে উন্নীত হলে আন্তর্জাতিকভাবে তাকে মহামারী হিসেবে দেখা হয়ে থাকে।

এ ব্যাপারে সরকারের উচিত এইচআইভি সংক্রান্ত শিক্ষা ও তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া।

আলোচনায় জাতীয় সংসদের সকল মহিলা সদস্য উপস্থিত ছিলেন।

২০০৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত মোট ৮৭ জন এইডস এবং ৪৫৬ জন এইচআইভি আক্রান্তের সন্ধান পাওয়া যায়। তাদের মধ্যে ৪৪ জন মারা গেছে।