২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও মহিলা উদ্যোক্তাদের ঋণ সহায়তায় তিনটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের নেটওয়ার্ক চালু হচ্ছে

ঢাকার বাইরের নারী উদ্যোক্তাদের এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোগসমূহে অভিন্ন বিনিয়োগ ব্যবস্থার আওতায় নিয়ে আসার লক্ষ্যে সরকার তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেশকিছু নতুন শাখা চালু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 05:49 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের ওই নতুন শাখাগুলো বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র শিল্প তহবিলের (এসইএফ) আওতায় পরিচালিত হবে।

বেসিক ব্যাংক (বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স) এবং ব্র্যাক ব্যাংক দেশব্যাপী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শাখাকে এসএমই খাতে বিনিয়োগ সুবিধা দেবে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসএমইএসডিপি) অর্থ সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এলজিইডি ভবনের আরডিইসিতে সোমবার এ কর্মসূচি উদ্বোধন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ শাখা এবং এডিবি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

এসএমইএসডিপি’র উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী বলেন, ঢাকার বাইরের নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে (এসএমই) অভিন্ন বিনিয়োগ ব্যবস্থার আওতায় নিয়ে আসার লক্ষ্যে তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেশকিছু নতুন শাখা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসএমইএসডিপি’র আওতায় তহবিল বিতরণের জন্য বেসিক ব্যাংক ও ব্র্যাককে সরকার মনোনয়ন দিয়েছে বলে তিনি জানান। এছাড়া এ প্রকল্পের আওতায় বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ও ব্যাংক বহির্র্র্ভূত প্রতিষ্ঠানসহ মোট ১০ টি প্রতিষ্ঠান অংশ নেবে বলেও মন্ত্রী জানান।

মোট ৫০ মিলিয়ন ডলারের তহবিলের ১৫ মিলিয়ন পলিসি সংস্কারে, ৩০ মিলিয়ন ডলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণখাতে এবং ৫ মিলিয়ন ডলার কারিগরি সহযোগিতা খাতে ব্যবহৃত হবে।

অনুষ্ঠানে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হুয়া ডু বলেন, এসএমই খাতকে প্রধান্য দিয়ে এডিবি বাংলাদেশের ব্যাপারে তাদের কান্ট্রি স্ট্রাটেজি প্লান প্রস্তুত করেছে।

তিনি বলেন, এডিবি’র প্রথম পর্যায়ের কর্মসূচি সমাপ্ত হয়েছে এবং এসএমই ফাইন্ডেশন গড়ে তোলাসহ দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি প্রক্রিয়াধীন রয়েছে।

এসএমই অ্যাডভাইজরি প্যানেলের চেয়ারম্যান ড. আব্দুল মুঈদ চৌধুরী বলেন, ব্র্যাক ও বেসিক ব্যাংক ছাড়া অধিকাংশ ব্যাংকই এসএমই খাতে ঋণ দানের ব্যাপারে আগ্রহী নয়। তিনি প্রস্তাবিত এসএমই ফাউন্ডেশনকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান।

সরকারি পরিসংখ্যান মতে,  দেশে ৮৫ হাজার এসএমই রয়েছে। শিল্পখাতের মোট ৬৫ শতাংশই এ খাতে কাজ করছে।

অনুষ্ঠানে এসএমইএসডিপি’র প্রকল্প পরিচালক এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মােহাম্মদ আইয়ুব মিয়া, শিল্প সচিব মো. নূরুল আমিনও বক্তব্য রাখেন।